প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াবিদদের জন্য ‘ক্রীড়া কার্ড’ ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। বুধবার (১ এপ্রিল) সকালে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক প্রকল্পের যাত্রা শুরু হয়। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ।
‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন চাপ দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মুহূর্তের মধ্যেই সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের সাহায্যে নির্বাচিত ১২৯ জন ক্রীড়াবিদের মোবাইলে এক লাখ টাকা করে পৌঁছে যায়। প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে ক্রীড়াবিদদের হাতে ‘ক্রীড়া কার্ড’ তুলে দেন এবং আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনকারীদের বিশেষ সম্মাননা প্রদান করেন।
ক্রীড়াবান্ধব এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর শাখার সদস্য সচিব আরিফুজ্জামান সোহেল।
এক বিবৃতিতে তিনি বলেন, এই উদ্যোগ দেশের তৃণমূল পর্যায়ের মেধাবী খেলোয়াড়দের এগিয়ে যেতে এবং ক্রীড়াকে পেশা হিসেবে নিতে সাহস জোগাবে।
সকাল সোয়া ১০টায় পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্যে ক্রীড়া সচিব মাহবুবউল আলম প্রকল্পের রূপরেখা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রদর্শিত একটি তথ্যচিত্রে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। একই সঙ্গে খেলোয়াড়দের জীবনমান উন্নয়ন ও নতুন খেলার মাঠ তৈরিতে বর্তমান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ পরিকল্পনার চিত্রও তুলে ধরা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে মিলনায়তনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যখন নেপথ্যে বেজে ওঠে কালজয়ী গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’।
সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী, এখন থেকে বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদরা নিয়মিত বেতন কাঠামোর আওতায় আসবেন।
উদ্বোধনী দিনে সাফ ফুটসালজয়ী নারী দল, কাবাডি ও ভলিবলসহ ২০টি ডিসিপ্লিনের ১২৯ জন খেলোয়াড়কে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ক্রিকেট বোর্ড (বিসিবি) আর্থিকভাবে স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা আপাতত এই সরকারি ভাতার তালিকার বাইরে থাকছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন