বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে বিয়ে নিয়ে আদালতে জেরার মুখে পড়েছেন তার স্ত্রী তামিমা সুলতানা। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের আগেই নাসিরকে বিয়ে করার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
বুধবার (৮ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শুনানিতে তামিমা নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
জেরার সময় তামিমা সুলতানা বলেন, নাসির হোসেনের সঙ্গে আমার বিয়ে সম্পূর্ণ বৈধ। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
মামলার এজাহারে বলা হয়েছে, তামিমা তার প্রথম স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন, এমন অভিযোগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি মামলা করেন তার সাবেক স্বামী রাকিব হাসান। ওই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আইন অনুযায়ী, মামলায় অভিযোগ প্রমাণিত হলে ৫ থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে নাসির ও তামিমার।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন