আইপিএল ২০২৬-এ রাজস্থান রয়্যালসের জয়রথ থামানোই যেন দায় হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার রাতে গুয়াহাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া ২০২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দাপুটে জয় তুলে নিয়েছে রিয়ান পরাগের দল।
আর এই জয়ের মূল কারিগর ছিলেন তরুণ ধ্রুব জুরেল ও সূর্যবংশী, যাদের ব্যাটিং দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। ম্যাচ শেষে জুরেলের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সাবেক ক্রিকেটাররা।
ভারতের সাবেক তারকা ক্রিকেটার অম্বাতি রায়ডু বলেন, জুরেলকে নিয়ে বিশ্ব ক্রিকেটে আরও আলোচনা হওয়া প্রয়োজন। ভারতীয় ক্রিকেটে বর্তমানে জুরেলের মতো প্রতিভাবান ও পরিপূর্ণ ব্যাটসম্যান খুব কমই আছেন।
অন্যদিকে, অ্যারন ফিঞ্চ জুরেলের স্কিল ও মানসিক দৃঢ়তার প্রশংসা করে বলেন, পরিস্থিতি বুঝে দ্রুত রান তোলার অসাধারণ ক্ষমতা রয়েছে এই তরুণের।
এদিন ৩ নম্বরে ব্যাট করতে নেমে জুরেল খেলেন তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ৮১ রানের ইনিংস। মাত্র ৪৩ বলের এই অপরাজিত ইনিংসে ছিল ক্লাস ও আগ্রাসনের নিখুঁত মিশ্রণ।
জুরেল যখন ক্রিজে আসেন, দলীয় ২১ রানে আউট হয়ে ফিরেছেন যশস্বী জয়সওয়াল। একপ্রান্তে অরেঞ্জ ক্যাপধারী বৈভব সূর্যবংশী ঝড় তুললেও অন্যপ্রান্তে জুরেল ছিলেন অবিচল। পাওয়ার প্লের শেষ ওভারে অভিনন্দনের বলে ২৪ রান তুলে ম্যাচ একপ্রকার রাজস্থানের পকেটেই পুরে নেন তিনি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জুরেল নিজের ব্যাটিং নিয়ে বলেন, যখন অন্য প্রান্তে সূর্যবংশী এত সহজে শট খেলেন, তখন ব্যাটিংটা সহজ মনে হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন