চোট কাটিয়ে মাঠে ফিরে গোলের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তবে তার ব্যক্তিগত সাফল্য ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত বিতর্ক।
প্যারাগুয়ের ক্লাব দেপোর্তিভো রিকোলেটার বিপক্ষে সান্তোসের ড্র এবং ম্যাচ শেষে এক সমর্থকের ‘মোটা’ মন্তব্যের জবাবে নেইমারের ক্ষুব্ধ প্রতিক্রিয়া নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ঘরের মাঠ ভিলা বেলমিরোতে ম্যাচের শুরুতেই দারুণ এক গোল করে সান্তোসকে এগিয়ে দিয়েছিলেন নেইমার। ভিলা বেলমিরোতে ফেরার ম্যাচে প্রিয় তারকার গোল সমর্থকদের উল্লাসে ভাসালেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া দেপোর্তিভো রিকোলেটা পাল্টা আক্রমণে গোল শোধ করে সমতা ফেরায়। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় সান্তোসকে।
দলের হতাশাজনক পারফরম্যান্সে ম্যাচ চলাকালীনই দর্শকদের একাংশ দুয়োধ্বনি দিতে থাকে। এর জবাবে নেইমারকে ঠোঁটে আঙুল দিয়ে ‘চুপ’ থাকার ইঙ্গিত দিতে দেখা যায়।
ম্যাচ শেষে ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, আমরা ভুল করেছি, এটা ফুটবলে হতেই পারে। আমরা অনেক সুযোগ তৈরি করেছি এবং ভালো খেলেছি। সমর্থকদের হতাশ হওয়াটা আমি বুঝি, তবে তাদেরও বুঝতে হবে যে ফুটবল সবসময় মনের মতো হয় না।
আসল নাটকের সূত্রপাত হয় নেইমার যখন মাঠ ছেড়ে টানেল দিয়ে ড্রেসিংরুমের দিকে যাচ্ছিলেন। গ্যালারি থেকে এক সমর্থক চিৎকার করে নেইমারের ফিটনেস নিয়ে কটাক্ষ করে বলেন, তোমার আরও বেশি ট্রেনিং করা উচিত। তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ।
প্রথমে হেসে এড়িয়ে যেতে চাইলেও কথাটি শুনে থমকে দাঁড়ান নেইমার। ফিরে এসে সেই ভক্তকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, তুমি ঠিক... এখন খুশি তো? আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করছি। তোমাকে তোমার কাঙ্ক্ষিত ‘খ্যাতি’র সময়টুকু আমি দিয়ে দিলাম।
নেইমারের এই প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ কেউ তার ফিটনেস নিয়ে সমালোচনা করলেও ভক্তদের বড় অংশ বলেছে, খেলোয়াড়দের ব্যক্তিগত আক্রমণ করা সমর্থকদের উচিত নয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন