গ্ল্যামার আর ক্রিকেটের হাই-ভোল্টেজ জগত থেকে সাময়িক বিরতি নিয়ে বৃন্দাবনের শান্ত পরিবেশে সময় কাটালেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা।
গতকাল সোমবার (২১ এপ্রিল) এই তারকা দম্পতিকে বৃন্দাবনের শ্রী হিত রাধা কেলি কুঞ্জ আশ্রমে দেখা যায়। আইপিএলের ব্যস্ত সূচির মাঝে তাদের এই আধ্যাত্মিক সফরটি এমন এক সময়ে এলো, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত ‘লাইক’ নিয়ে জোর আলোচনা চলছে।
বৃন্দাবনে পৌঁছে বিরাট ও আনুশকা প্রখ্যাত আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ জি মহারাজের আশীর্বাদ গ্রহণ করেন। চিরাচরিত জাঁকজমক এড়িয়ে অত্যন্ত সাধারণ পোশাকে অন্য ভক্তদের সঙ্গে মাটিতে বসে তাদের ‘একান্তিক বার্তলাপে’ অংশ নিতে দেখা যায়।
নিজেদের ক্যারিয়ারের উচ্চচাপের মুহূর্তে মানসিক প্রশান্তি ও আধ্যাত্মিক শক্তির খোঁজে আগেও বেশ কয়েকবার এই দম্পতিকে বৃন্দাবনে আসতে দেখা গেছে।
সম্প্রতি জার্মান ইনফ্লুয়েন্সার লিজল্যাজের একটি ছবিতে বিরাটের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘লাইক’ আসাকে কেন্দ্র করে আলোচনার সূত্রপাত হয়।
যদিও দ্রুতই সেই লাইক সরিয়ে নেওয়া হয়, তবে তার আগেই স্ক্রিনশট ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তুমুল চর্চা শুরু হয়।
এ বিষয়ে লিজল্যাজ বলেন, বিষয়টি কেন এত বড় খবরে পরিণত হলো তা নিয়ে তিনি বিস্মিত এবং বিরাটের ওপর বাড়তি চাপের জন্য তিনি কিছুটা দুঃখ প্রকাশ করেন।
তবে মাঠের বাইরের এসব বিতর্ক বিরাটের পারফরম্যান্সে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি। আইপিএল ২০২৬ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন ৩৭ বছর বয়সী এই তারকা।
চলতি আসরে ৫ ইনিংসে ৫৭ গড়ে তিনি ইতিমধ্যে ২২৮ রান সংগ্রহ করেছেন। যদিও অরেঞ্জ ক্যাপটি বর্তমানে হেনরিখ ক্লাসেনের দখলে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন