নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) কাছে খড়কুটোর মতো উড়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাইয়ের কাছে ১০৩ রানের এই হার কেবল পরাজয়ই নয়, বরং রানের ব্যবধানে আইপিএল ইতিহাসে মুম্বাইয়ের সবচেয়ে বড় বিপর্যয়।
এমন লজ্জাজনক হারের পর এবার ফ্র্যাঞ্চাইজিটির রণকৌশল ও একাদশে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় হারের মূল কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন হার্দিক। বিশেষ করে পাওয়ারপ্লে-তে দ্রুত উইকেট হারানোকে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন তিনি।
পান্ডিয়া বলেন, পাওয়ারপ্লে-তে দ্রুত উইকেট হারানো সবসময়ই আমাদের ব্যাকফুটে ঠেলে দেয়। আমরা পুরো সময় শুধু ম্যাচের পেছনেই ছুটেছি, লড়াইয়ে ফিরতে পারিনি। একই উইকেটে প্রতিপক্ষ যেভাবে ব্যাটিং করেছে, আমাদের প্রাপ্তি তার ধারেকাছেও ছিল না।
এদিন মুম্বাইয়ের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন সাঞ্জু স্যামসন। স্পিনাররা পিচ থেকে টার্ন পেলেও স্যামসনের ব্যাটিং দৃঢ়তার সামনে তা ফিকে হয়ে যায়। প্রতিপক্ষ ব্যাটারের প্রশংসা করে হার্দিক বলেন, আমাদের স্পিনাররা যথেষ্ট ভালো বল করার চেষ্টা করেছে। কিন্তু সাঞ্জু এক অবিশ্বাস্য ইনিংস খেলেছে। ওদের বাকি ব্যাটাররাও যোগ্য সঙ্গ দিয়েছে, যার ফলে স্কোরবোর্ডে তারা বড় সংগ্রহ দাঁড় করাতে পেরেছে।
টানা ব্যর্থতার বৃত্তে থাকা মুম্বাই এখন খাদের কিনারায়। ঘুরে দাঁড়াতে মরিয়া অধিনায়ক ইঙ্গিত দিলেন আমূল পরিবর্তনের। হার্দিক জানান, সামনে আমাদের হাতে কয়েক দিন সময় আছে। আমরা আবারও সব কিছু নিয়ে নতুন করে ভাবব। দলের প্রয়োজনে যা যা করা দরকার, তার সবকিছুই করা হবে। আমাদের খুঁজে বের করতে হবে ঠিক কোন সমন্বয়ে আমরা সেরাটা দিতে পারব।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন