প্রথম ওয়ানডেতে হোঁচট খেলেও টানা দুই জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ পকেটে পুরেছে বাংলাদেশ। মাঠের সেই দাপুটে পারফরম্যান্স এবার ২০ ওভারের ক্রিকেটে বয়ে নিতে চায় টাইগাররা। আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি জানিয়েছে, দর্শকদের সুবিধার্থে টি-টোয়েন্টি সিরিজের টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। ক্রিকেটপ্রেমীরা বিসিবির নির্ধারিত ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে নিজেদের টিকিট সংগ্রহ করতে পারবেন।
সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের গ্যালারিগুলোকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে।
বিসিবির দেওয়া তথ্যমতে, সাধারণ দর্শকদের জন্য পূর্ব গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে সবচেয়ে কম, মাত্র ১৫০ টাকা। এছাড়া পশ্চিম গ্যালারির টিকিট মিলবে ২৫০ টাকায়।
একটু আরামদায়ক পরিবেশে খেলা দেখতে চাইলে দর্শকদের গুনতে হবে বাড়তি টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। অন্যদিকে, স্টেডিয়ামের সবচেয়ে ব্যয়বহুল ও আভিজাত্যপূর্ণ জায়গা হিসেবে পরিচিত গ্র্যান্ড স্ট্যান্ড (পূর্ব ও পশ্চিম) এবং ছাদের ওপর অবস্থিত প্যাভিলিয়ন এন্ডের টিকিটের দাম ধরা হয়েছে ১৫০০ টাকা।
আগামী ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামের মাটিতে গড়াবে সিরিজের প্রথম দুই ম্যাচ। এরপর টি-টোয়েন্টি লড়াইয়ের ইতি টানতে দুই দল পাড়ি জমাবে রাজধানী ঢাকায়। আগামী ২ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন