তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক রেকর্ড গড়ে সফরকারী নিউজিল্যান্ডকে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
চট্টগ্রামে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে রেখে এবং ১২ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে টাইগাররা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এত বড় লক্ষ্য তাড়া করে জয়ের ঘটনা এটিই প্রথম বাংলাদেশের।
এই জয়ের মধ্য দিয়ে নতুন একটি রেকর্ডও গড়েছে ফিল সিমন্সের শিষ্যরা। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি এখন বাংলাদেশের দখলে। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সফল রান তাড়া ছিল ১৩৫।
তবে সামগ্রিকভাবে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৮ সালে ২১৫ রান তাড়া করে জয় পেয়েছিল টাইগাররা।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম দ্রুত রান তুলতে পারেননি। ৫.৩ ওভারে ৪১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। সাইফ ১৬ বলে ১৭ এবং তানজিদ ২৫ বলে ২০ রান করেন। অধিনায়ক লিটন দাসও ১৫ বলে ২১ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে দল।
১০.১ ওভারে ৭৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে ম্যাচে ফেরান তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। চতুর্থ উইকেটে তারা মাত্র ২৮ বলে ৫৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ইমন ১৪ বলে ২৮ রান করে আউট হন।
এরপর শামীম হোসেন পাটোয়ারীকে নিয়ে পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয় গড়ে তোলেন ম্যাচ নির্ধারণী জুটি। দু’জনে মিলে মাত্র ১৯ বলে ৪৯ রান যোগ করে দলের জয় নিশ্চিত করেন।
দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করে অপরাজিত থাকেন তাওহীদ হৃদয়। ২৯ বলের ইনিংসে ছিল দুটি চার ও তিনটি ছক্কা। শামীম ১৩ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল তিনটি চার ও দুটি ছক্কা।
নিউজিল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন ইশ সোধি। এছাড়া একটি করে উইকেট পান নাথান স্মিথ ও জশ ক্লার্কসন।
এর আগে টস জিতে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান। শুরুতেই ধাক্কা খায় কিউইরা—ইনিংসের দ্বিতীয় ওভারে রান আউট হন ওপেনার টিম রবিনসন।
তবে এরপর কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার দ্বিতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত এনে দেন। দু’জনই অর্ধশতক করেন। ক্লার্ক ৩৭ বলে ৫১ এবং ক্লেভার ২৮ বলে ৫১ রান করেন।
তাদের বিদায়ের পর কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। দ্রুত কয়েকটি উইকেট হারানোর পাশাপাশি রানের গতি কমে যায়। প্রথম ১০ ওভারে ১০০ রান তোলার পর পরের ৫ ওভারে মাত্র ৩০ রান করতে পারে তারা। এ সময় বেভন জ্যাকবস ১ এবং ড্যান ফক্সক্রফট ৩ রান করে আউট হন।
শেষদিকে অধিনায়ক নিক কেলি ২৭ বলে ৩৯ রান করে দলকে এগিয়ে নিলেও ইনিংস শেষ করতে পারেননি। জশ ক্লার্কসনের অপরাজিত ১৪ বলে ২৭ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান তোলে নিউজিল্যান্ড।
বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন দুটি উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম, তানজিম হাসান ও মাহেদি হাসান একটি করে উইকেট শিকার করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন