সৌদি প্রো লিগের শিরোপা লড়াইয়ে নিজেদের আধিপত্য বজায় রেখে আল-শাবাবকে বড় ব্যবধানে হারিয়েছে আল-নাসর। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর শততম গোল এবং জোয়াও ফেলিক্সের দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে হোর্হে জেসুসের দল।
এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে থাকা আল-নাসর এখন ট্রফি ছোঁয়া থেকে মাত্র এক ধাপ দূরে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আল-নাসর। খেলার মাত্র ৩ মিনিটের মাথায় গোলের খাতা খোলেন জোয়াও ফেলিক্স। সাদিও মানে’র তৈরি করে দেওয়া আক্রমণ থেকে বক্সে ফিরতি বল পেয়ে জোরালো ভলিতে লক্ষ্যভেদ করেন এই তরুণ পর্তুগিজ ফরোয়ার্ড। আল-শাবাব গোলরক্ষক মার্সেলো গ্রোহে বলের নাগাল পাওয়ার আগেই তা জালে জড়ায়।
ম্যাচের প্রথমার্ধেই নিজের ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আব্দুল রহমান ঘারিবের বাড়ানো নিখুঁত ক্রস থেকে দর্শনীয় এক বাইসাইকেল কিকে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
এটি আল-নাসরের জার্সি গায়ে রোনালদোর ১০০তম গোল। একইসঙ্গে পেশাদার ক্যারিয়ারে তার গোল সংখ্যা দাঁড়ালো ৯৭১-এ, যা তাকে ১০০০ গোলের অনন্য রেকর্ডের আরও কাছে নিয়ে গেল।
মাঝে ইয়ানিক ফেরেরা কারাসকো আল-শাবাবের পক্ষে এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও দ্বিতীয়ার্ধে আবারও জ্বলে ওঠেন রোনালদোর দল। দলীয় প্রচেষ্টায় গড়া এক আক্রমণ থেকে তৃতীয় গোলটি করেন জোয়াও ফেলিক্স ।
ম্যাচের শেষ দিকে আলী আল বুলাইহি গোল করে ব্যবধান ২-৩ এ নিয়ে আসেন। এর পরপরই অতিরিক্ত যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আল নাসরের জোয়াও ফেলিক্স।
শেষ পর্যন্ত ৪-২ গোলে জয় নিশ্চিত করে আল নাসর। এই জয়ের ফলে ৮২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে রোনালদোর দল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন