কার হাতে উঠবে বিশ্বকাপ? কে হবে সেরা তারকা? এসব নিয়ে কথার লড়াইয়ের মাঝে যুক্ত হয়েছে নতুন প্রসঙ্গও। মেসি-নেইমার-রোনালদোর মতো দাপুটে তারকাদের সাথে এবারের বিশ্বকাপে টেক্কা দিতে পারেন বেশ কিছু মুসলিম তারকা ফুটবলারও। লামিনে ইয়ামাল, অ্যান্টোনিও রুডিগের, লেরয় সানে, ওসমান দেম্বেলে, রায়াদ মাহরেজ ও আশরাফ হাকিমিরা রাজত্ব করছেন ফুটবলে।
বার্সেলোনার হয়ে লা লিগা শিরোপা জেতার উৎসবে হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে র্যালি করেছেন ইয়ামাল। মুসলিম হওয়ার কারণে মাঝে মধ্যে রোষানলেও পড়তে হয়েছে তাকে। মাঠে ইসলামবিদ্বেষী স্লোগানের জবাবে নিজের আত্মপরিচয় ও ধর্মীয় বিশ্বাসের কথা স্পষ্ট করে বলেছিলেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’।
২০১৮ ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলে ছিল এক ঝাঁক মুসলিম তারকা। পল পগবা, এনগোলো কন্তে, উসমান দেম্বেলে নাবিল ফেকির, জিব্রিল সিদিবের মতো তারকা উঁচিয়ে ধরেছিলেন বিশ্বকাপ। এবারও ফ্রান্স দলে দেখা যাবে এক ঝাঁক মুসলিম তারকা। উসমান ডেম্বেলে, ইব্রাহিম কন্তে, এনগোলো কন্তে, উইলিয়াম সালিবা, মানু কোনে ও রায়ান শেরকিরা মাঠ মাতাবেন।
জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ী দলেও দেখা মিলেছিল মুসলিম সুপারস্টার। বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় তারকা মেসুত ওজিলের পথ ধরে এবারের বিশ্বকাপে জার্মানকে স্বপ্ন দেখাচ্ছেন মুসলিম তারকা অ্যান্টোনিও রুডিগের, লেরয় সানে, নাদিম আমিরি, আসান ওয়েড্রাওগো ও মালিক থিয়াওরা।
ইউরোপ মহাদেশের আরেক দেশ বেলজিয়ামেও রয়েছে একাধিক মুসলিম তারকা- আমাদুও ওনানা, ইউরি তিলেমানে, অ্যালেক্স উইটসেল। সুইজারল্যান্ড দলে রয়েছেন মুসলিম তারকা জেকি আমদৌনি, গ্রেনিত শাকা ও আর্ডোন জাশারি।
এ দেশগুলোর বাইরে ইউরোপের মধ্যে থেকে বিশ্বকাপ খেলছে মুসলিম অধ্যুষিত তুরস্ক ও বসনিয়া। যেখানে মুসলিম বেশকিছু তারকা ফুটবলার আছেন। এছাড়া এশিয়ার মধ্যে থেকে সৌদি আরব, কাতার, জর্ডান, ইরান, ইরাক ও উজবেকিস্তান খেলছে বিশ্বকাপে। যে দেশগুলোর বেশিরভাগ তারকাই মুসলিম।
আফ্রিকা মহাদেশ থেকে অংশ নেওয়া প্রত্যেক দলেই রয়েছেন বড় বড় তারকা। গত বিশ্বকাপে দাপুটে ফুটবল খেলা মরক্কো দলে রয়েছেন- আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজ, ইয়াসিন বোনু খাদি রিয়াদ ক্লাব মাতাচ্ছেন। মিশরের মোহাম্মাদ সালাহকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। এছাড়া আলজেরিয়ার রায়াদ মাহরেজ, লুকা জিদানের মতো বিশ্ব মাতানো মুসলিম ফুটবলার রয়েছেন নজর কাড়ার জন্য।
মরক্কো মিশর আলজেরিয়া ছাড়াও আফ্রিকা মহাদেশের দেশ ঘানা ও তিউনিশিয়া দলে রয়েছেন একাধিক মুসলিম তারকা। আর বিশ্বজুড়ে সমাদৃত সেনেগালের সাদিও মানে তো মানুষের মন জয় করেছেন অনেক আগেই। সব মিলিয়ে বলা যায় হট ফেভারিট স্পেন-ফ্রান্স-জার্মানি কাপ জিতলে তা কোনো না কোনো মুসলিমের হাতেও উঠবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন