ব্রাজিলের বিপক্ষে ম্যাচের শুরুতেই দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। কিক-অফের পরপরই মরক্কোর খেলোয়াড়রা ইচ্ছাকৃতভাবে বল মাঠের বাইরে পাঠিয়ে দেন। প্রথম দেখায় এটি ভুল মনে হলেও, আসলে ছিল পূর্বপরিকল্পিত একটি কৌশল, যা বর্তমানে ইউরোপের অনেক শীর্ষ ক্লাব ব্যবহার করে থাকে।
এই কৌশলের মূল উদ্দেশ্য হলো ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের কাছে বলের দখল ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে উচ্চ-তীব্রতার প্রেসিং শুরু করা। যেসব দল কার্যকর হাই প্রেস এবং উঁচু ডিফেন্সিভ লাইন নিয়ে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে, তাদের জন্য এটি বেশ কার্যকর একটি পদ্ধতি। এর ফলে প্রতিপক্ষ নিজেদের অর্ধে ছোট ছোট পাস খেলতে বাধ্য হয় এবং চাপের মুখে ভুল করার সম্ভাবনা বাড়ে।
ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্রুপো গ্লোবোর ধারাভাষ্যকার রদ্রিগো কুতিনিও এই কৌশলের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এটি দ্রুত আক্রমণের সুযোগ তৈরির একটি উপায়। আপনি যদি প্রতিপক্ষের সুশৃঙ্খল রক্ষণভাগের বিপক্ষে বলের দখল ধরে রেখে খেলেন, তাহলে ২৫-৩০ মিটারের মধ্যে দশজন খেলোয়াড় ও গোলরক্ষককে ভেদ করতে হয়, যা অত্যন্ত কঠিন। কিন্তু বল প্রতিপক্ষকে দিয়ে প্রেসিং শুরু করলে ভিন্ন এক পরিস্থিতির সৃষ্টি হয়।
ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে পিএসজি ও আর্সেনালও নিয়মিত এই কৌশল প্রয়োগ করে থাকে। তবে ব্রাজিলের বিপক্ষে মরক্কোর পরিকল্পনা প্রত্যাশিত ফল দেয়নি।
কারণ, ইবানেজ দ্রুত থ্রো-ইন নেওয়ায় মরক্কোর আক্রমণাত্মক খেলোয়াড়রা সময়মতো প্রেসিংয়ের জন্য অবস্থান নিতে পারেননি। পরে মার্কিনিওস বল সামনে এগিয়ে দেন এবং সেই পরিস্থিতি থেকে ব্রাজিলের ওপর উল্লেখযোগ্য কোনো চাপ তৈরি করা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন