টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশের নারীরা। নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে। ১৩৯ রানের জবাবে খেলতে নেমে ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় টাইগ্রেসরা।
রোববার (১৪ জুন) বিকেলে ইংল্যান্ডের বার্মিংহামে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ডাচ নারী দলের। দলীয় ১৪ রানে ফিবি মোলকেনবোয়ারকে ফেরান মারুফা। এরপর ডাচ শিবিরে দ্বিতীয় আঘাত করেন ফারিহা তৃষ্ণা। তিনি ১৬ রান করা আরেক ওপেনার হেদার সিজারসকে সাজঘরে ফেরান।
ডাচদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার স্টেয়ার ক্যালিসকে মাত্র ৪ রানে ফিরিয়ে দেন স্পিনার রাবেয়া খান। পরে রবিন রিজেকে ও সানিয়া খুরানাকে যথাক্রমে দলীয় ৭১ ও ৭৬ রানে হারায় নেদারল্যান্ডস।
তবে এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও অন্য প্রান্ত আগলে ব্যাটিং করছিলেন ডাচ অধিনায়ক বারবেট ডি লিড। বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে ফিফটি তুলে নেন তিনি। ৪৫ বলে ৫০ রান করে রান আউট হয়ে ফেরেন ডি লিড।
এরপর আর তেমন কেউ রান করতে পারেননি। নবম উইকেটে সিলভার সিজারস ও ইরিস জুইলিংয়ের ২৩ রানের জুটিতে ১৩৯ রানে থামে নেদারল্যান্ডস।
জবাবে খেলতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশের মেয়েরা। ওপেনার জুয়েরিয়া ফিরদৌস দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন। একপর্যায়ে তার আউটে দলীয় ৬৭ রানে ভাঙে ওপেনিং জুটি। সাজঘরে ফেরার আগে তিনি হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।
এরপর কয়েক রানের ব্যবধানে পরপর উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে টাইগ্রেসরা। এতে রানের গতি কিছুটা কমে যায় এবং চাপে পড়ে দলটি।
তবে শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের অসাধারণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। শারমিন আক্তার ৩৭ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া স্বর্ণা আক্তার অপরাজিত ছিলেন ১৮ রানে।
উল্লেখ্য, আগামী বুধবার (১৭ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন