তারকাখ্যাতি নিয়েই বিশ্বকাপে এসেছিলেন কলম্বিয়ার লুইস দিয়াজ। উজবেকিস্তানের বিরুদ্ধে দলের জয়ে বড় ভূমিকা রেখে নিজের নামের প্রতি সুবিচার করলেন এই তারকা। তার এক গোল ও অ্যাসিস্টের উপর ভর করে নবাগত উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে কলম্বিয়া।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে কলম্বিয়া। লাতিন আমেরিকানদের ধারাবাহিক আক্রমণের মুখে চাপে পড়ে উজবেকিস্তান। তবে প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৪০তম মিনিট পর্যন্ত। লুইস দিয়াজের নিখুঁত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ড্যানিয়েল মুনোজ।
প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা উজবেকিস্তান দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায়। এর ফলও পায় তারা। ৬০তম মিনিটে আব্বোসবেক ফাইজুলায়েভের গোলে ম্যাচে সমতা ফেরায় দলটি। একই সঙ্গে এটি ছিল বিশ্বকাপের ইতিহাসে উজবেকিস্তানের প্রথম গোল।
তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র পাঁচ মিনিট পরই কলম্বিয়াকে আবারও এগিয়ে দেন লুইস দিয়াজ।
এরপর ম্যাচের যোগ করা সময়ে জ্যামিন্টন ক্যাম্পাজ তৃতীয় গোলটি করলে উজবেকিস্তানের হার নিশ্চিত হয়।
এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে কলম্বিয়া। অন্যদিকে, বিশ্বকাপে প্রথম গোলের স্মরণীয় মুহূর্ত সঙ্গী হলেও হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে হলো উজবেকিস্তানকে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন