ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সৌদি আরবের প্রস্তাব ফিরিয়ে দিল বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০২:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

ফুটবলের মতো ক্রিকেটেও দ্রুত উন্নতি করতে বদ্ধপরিকর সৌদি আরব। দেশের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে তারা ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে উপমহাদেশ এবং আশপাশের দেশ থেকে ক্রিকেটার ও কোচ নিয়ে নাগরিকত্ব দিয়ে খেলানোর উদ্যোগ নিয়েছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকেও খেলোয়াড় ও কোচ চেয়ে প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রীড়া গণমাধ্যম ক্রিকবাজ এ তথ্য প্রকাশ করেছে।

তবে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বাংলাদেশি খেলোয়াড়দের সৌদি আরব পাঠানোর প্রস্তাবটি ফিরিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, সৌদি আরব আমাদের কাছে পুরুষ ও নারী উভয় ক্রিকেটার চাইছিল; সঙ্গে কোচও চেয়েছিল। কিন্তু দেশের স্বার্থ সামনে রেখে আমি তা মেনে নিতে পারিনি।

বুলবুল আরও যোগ করেছেন, দুই মাস আগে তারা এই প্রস্তাব দিয়েছিল। দেশের স্বার্থকেই সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমরা সেটি ফিরিয়ে দিয়েছি।

সৌদি আরব ইতোমধ্যে লিভ গলফ, ফর্মুলা ওয়ান এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বড় বিনিয়োগ করেছে। এখন তারা আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সমর্থনে উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের নতুন কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পথে এগোচ্ছে।