আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দল গঠনে বড় পরিবর্তনের আভাস মিলেছে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরতে পারেন অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খান। একই সঙ্গে সুযোগ পেতে পারেন তরুণ ওপেনার মাজ সাদাকাত।
সালমান আলি আগার নেতৃত্বে এই সিরিজ খেলবে পাকিস্তান। বিশ্বকাপের আগে দলকে ঝালিয়ে নিতে শ্রীলঙ্কা সিরিজকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
জিও সুপার-এর প্রতিবেদনে জানা গেছে, বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদির শ্রীলঙ্কা সিরিজে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বর্তমানে তারা দুজনই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) ব্যস্ত।
বাবর আজম খেলছেন সিডনি সিক্সার্সের হয়ে এবং শাহিন আফ্রিদি ব্রিসবেন হিটে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, পাকিস্তানের খেলোয়াড়রা পুরো বিবিএল মৌসুমেই খেলবেন। ফলে শ্রীলঙ্কা সিরিজে বাবর ও শাহিনকে নাও দেখা যেতে পারে।
এদিকে, ইনজুরি থেকে সেরে উঠে শ্রীলঙ্কা সিরিজ দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন শাদাব খান।
অপরদিকে, এশিয়া কাপ রাইজিং স্টারসে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেতে পারেন তরুণ ব্যাটার মাজ সাদাকাত। মাত্র পাঁচ ম্যাচে তিনি করেছেন ২৫৮ রান। তার ব্যাটিং গড় ১২৯ এবং স্ট্রাইক রেট ছিল ১৭৭.৯৩—যা নির্বাচকদের দৃষ্টি কেড়েছে।


