বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার আগেই নানা জটিলতা ও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে টুর্নামেন্টটি। এর মধ্যেই বড় ধাক্কা খেয়েছে সিলেট টাইটান্স। আসন্ন মৌসুম থেকে সরে দাঁড়িয়েছেন দলের দুই বিদেশি তারকা—শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোনস।
আগামীকাল ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের ঠিক আগমুহূর্তে এই দুজনের নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটান্স কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, ব্যক্তিগত কারণে পুরো মৌসুমেই খেলতে পারবেন না অ্যাঞ্জেলো ম্যাথিউস। অন্যদিকে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের কাছ থেকে প্রয়োজনীয় ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) না পাওয়ায় বিপিএলে অংশ নিতে পারছেন না অ্যারন জোনস।
ফ্র্যাঞ্চাইজির বিবৃতিতে বলা হয়, নিলামের মাধ্যমে দলে নেওয়া হলেও অনিবার্য কারণেই এই দুই ক্রিকেটারকে এবার পাওয়া যাচ্ছে না। ফলে টুর্নামেন্ট শুরুর আগেই বড় এক চ্যালেঞ্জের মুখে পড়ল সিলেট টাইটান্স।
তবে সব হতাশার মাঝেও কিছুটা স্বস্তির খবর পেয়েছে দলটি। আফগানিস্তানের বিধ্বংসী ওপেনার হজরতউল্লাহ জাজাই সিলেট টাইটান্সে যোগ দিয়েছেন। এ ছাড়া ইংলিশ অলরাউন্ডার ইথান ব্রুকস ও পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমিরও স্কোয়াডে যুক্ত হয়েছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন