বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই যেন বিতর্ক। প্রতি আসরের মতো এবারও মাঠে প্রথম বল গড়ানোর আগেই নানা অনিয়ম ও অস্বস্তিকর ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে বিপিএলের দ্বাদশ আসর (২০২৫-২৬)।
টুর্নামেন্ট শুরুর ঠিক আগে একটি দলের মালিকানা ও পরিচালনা নিয়ে হঠাৎ করেই জটিলতা তৈরি হয়। সংশ্লিষ্ট দলের মালিক আনুষ্ঠানিকভাবে দল পরিচালনায় অপারগতা প্রকাশ করায় ক্রিকেটাঙ্গনে সৃষ্টি হয় বিস্ময় ও উদ্বেগ। এমন ঘটনায় খেলা শুরুর আগেই সমালোচনার ঝড় ওঠে বিপিএলকে ঘিরে।
এর মধ্যেই আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠছে এবারের বিপিএলের। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দুপুর ৩টায় স্বাগতিক সিলেট টাইটান্স মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের। দিনের দ্বিতীয় ম্যাচে রাত ৭টা ৪৫ মিনিটে নোয়াখালী এক্সপ্রেস খেলবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে।
বাংলাদেশে বিপিএলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস টিভি। পাশাপাশি নাগরিক টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ট্যাপম্যাডেও দেখা যাবে খেলা।
বিপিএলের দ্বাদশ আসরে শিরোপার লড়াইয়ে অংশ নিচ্ছে মোট ছয়টি দল—রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট, ঢাকা ও চট্টগ্রামে।


