অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার লারা হ্যারিস নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ওটাগোর হয়ে অভিষেক ম্যাচেই ইতিহাস গড়লেন। ক্যান্টারবেরির বিপক্ষে মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি করে তিনি নারী টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন।
এর আগে ২০২২ সালে মেরি কেলিও মাত্র ১৫ বলে ফিফটি করেছিলেন। তার তিন বছর পর ওটাগোর হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই তিনি ১৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন। এই ইনিংসে তার ব্যাটে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা।
লারা হ্যারিস কেবল এই এক ম্যাচেই নয়, দ্রুত রান তোলার ক্ষেত্রে তিনি বেশ পরিচিত।
নারী ক্রিকেটে একমাত্র হ্যারিসই একাধিকবার ২০ বলের নিচে হাফ সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন। তার ক্যারিয়ারে ১৫, ১৭, ১৮ (তিনবার) এবং ১৯ বলে হাফ সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে।
হ্যারিসের মারকুটে ব্যাটিংয়ের কারণে ওটাগো দল প্রথমবারের মতো বোনাস পয়েন্ট পেয়েছে। নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষের রানরেটের চেয়ে ১.২৫ গুণ বেশি রানরেটে ম্যাচ জিতলে এই পয়েন্ট পাওয়া যায়। ওটাগোর রানরেট ছিল ৯.৮৪, যা ক্যান্টারবেরির (৭.২৫) তুলনায় অনেক বেশি।


