জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজার পরিবারে গভীর শোক নেমেছে। তার ছোট ভাই মুহাম্মদ মাহদি (১৩) সোমবার, ২৯ ডিসেম্বর হারারে মারা গেছেন। পরদিন মঙ্গলবার তাকে হারারের ওয়ারেন হিলস কবরস্থানে দাফন করা হয়।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানায়, মাহদি জন্মগতভাবে হিমোফিলিয়ায় আক্রান্ত ছিলেন। এটি একটি বিরল জেনেটিক রোগ, যেখানে রক্ত স্বাভাবিকভাবে জমাট বাঁধে না। সাম্প্রতিক শারীরিক জটিলতার কারণে তার মৃত্যু হয়েছে।
বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, টি-টোয়েন্টি অধিনায়ক সিকান্দার রাজা ও তার পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। এই কঠিন সময়ে জিম্বাবুয়ে ক্রিকেটের সব সদস্য তাদের পাশে আছে। আল্লাহ যেন তাদের ধৈর্য দেন এবং মাহদির আত্মাকে শান্তিতে রাখেন।
সিকান্দার রাজাও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে তার শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, রাজা সর্বশেষ আইএলটি২০ ২০২৫ আসরে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন। ১০ ম্যাচে ১৭১ রান করার পাশাপাশি ১০টি উইকেট নিয়েছেন।


