ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আইপিএলে মুস্তাফিজকে বয়কটের ডাক, যা বলছে ভারত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৪:৪৪ পিএম
ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আগামী মার্চে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলার কথা থাকলেও মুস্তাফিজের খেলা নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে।

ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে মুস্তাফিজকে খেলানো নিয়ে আপত্তি তুলেছেন ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর  ধর্মীয় নেতা। তারা বাংলাদেশি ক্রিকেটারকে মাঠে নামানো হলে ভাঙচুর চালানোর হুমকি দিয়েছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতাকে বয়কটের দাবিও তুলেছে তারা। 

উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ জানান, বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামালে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে কলকাতাকে।

নিউজ ১৮ তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।’

তবে কূটনৈতিক সম্পর্কের প্রভাব মাঠের ক্রিকেটে পড়বে না বলে জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেছেন, ‘এটা একটা সংবেদনশীল বিষয়, আমরা তা বুঝি। আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখি কূটনৈতিক পরিস্থিতি নিয়ে।

কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনও নির্দেশ এখনও আসেনি। বাংলাদেশ তো আমাদের শত্রু দেশ নয়। তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন।’