ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্ব ক্রিকেট ভারতের কাছে ‘জিম্মি’

জাহিদ হাসান মাহা
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৯:৩৮ এএম
ছবি : সংগৃহীত

ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে হলেও আজ বিশ্ব ক্রিকেট কার্যত একটি দেশের ইশারায় চলে—আর সেই দেশটি হলো ভারত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নামের যে সংস্থাটি নিরপেক্ষভাবে বিশ্ব ক্রিকেট পরিচালনার কথা, বাস্তবে সেটি আজ ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপে একপ্রকার জিম্মি—এমন অভিযোগ নতুন নয়, তবে দিন দিন তা আরও নগ্ন হয়ে উঠছে।

বিশ্ব ক্রিকেটের আয়ের সিংহভাগ আসে ভারতীয় বাজার থেকে—এই সত্যকে পুঁজি করেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইসিসির ওপর একচ্ছত্র আধিপত্য কায়েম করে চলেছে।

খেলার সূচি নির্ধারণ থেকে শুরু করে টুর্নামেন্টের ভেন্যু, সম্প্রচার সময়, এমনকি নীতিগত সিদ্ধান্তেও ভারতের সুবিধা অগ্রাধিকার পায়—এমন অভিযোগ বছরের পর বছর ধরে উঠে আসছে।

এই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বর্তমান আইসিসি সভাপতি, ভারতের সন্তান জয় শাহ! তিনিও আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির অন্যতম শক্তিমান মুখ। আইসিসির অনেক সিদ্ধান্তই আজ ক্রিকেটের স্বার্থে নয়, বরং ভারতের কৌশলগত ও রাজনৈতিক স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হয়েছে।

ভারতের এই আধিপত্যের সবচেয়ে বড় শিকার পাকিস্তান ক্রিকেট। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রেখে রাজনৈতিক অজুহাতে পাকিস্তানকে কোণঠাসা করা, আইসিসি ইভেন্টে নিরাপত্তা ও ভেন্যু ইস্যুতে চাপ সৃষ্টি—এসব যেন এখন নিয়মিত চিত্র। কিন্তু আশঙ্কার বিষয় হলো, সেই তালিকায় ধীরে ধীরে যুক্ত হচ্ছে বাংলাদেশও।

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার ঘটনা অনেকের চোখে নিছক ক্রিকেটীয় সিদ্ধান্ত নয়। অভিজ্ঞতা, আন্তর্জাতিক সাফল্য ও বৈচিত্র্যময় বোলিং থাকা সত্ত্বেও তাকে বিনা কারণে (প্রতিহিংসার বশবর্তী) বাদ দেওয়ায় প্রশ্ন তোলে—আইপিএল কি আদৌ কেবল ক্রিকেটের মাঠ, নাকি এটি ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব বিস্তারের আরেকটি প্ল্যাটফর্ম?

ভারতীয় ক্রিকেট দল ও বোর্ডের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। আইসিসি টুর্নামেন্টে ভারতের সুবিধাজনক সূচি, হোম কন্ডিশনের বাড়তি সুযোগ, সিদ্ধান্তে বিতর্কিত নমনীয়তা—সব মিলিয়ে ক্রিকেটের মাঠে ‘সমতা’ শব্দটি আজ কাগুজে বুলি হয়ে দাঁড়িয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—আইসিসির নীরবতা। প্রশ্ন উঠছে, এই সংস্থা কি সত্যিই স্বাধীন? নাকি তারা অর্থের কাছে আত্মসমর্পণ করেছে? ক্রিকেট কি এখন আর খেলোয়াড়দের লড়াই, নাকি এটি ক্ষমতাধর বোর্ডগুলোর শক্তি প্রদর্শনের মঞ্চ?

বিশ্ব ক্রিকেট যদি একটি দেশের ইচ্ছায় চলে, তবে সেটি আর বিশ্ব ক্রিকেট থাকে না—তা হয়ে ওঠে আধিপত্যের খেলা। অনেকের মনে আজ একটাই প্রশ্ন- ক্রিকেট কি সবার, নাকি শুধু ভারতের?