বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে ভারত সরকার ভুল পথে হাঁটছে এবং বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
তিনি বলেন, বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার চাইলে ভেনেজুয়েলার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যেভাবে কঠোর অবস্থান নিয়েছিলেন, ঠিক সেভাবেই তারা বাংলাদেশের সঙ্গে আচরণ করে দেখাক।
এ প্রসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, উগ্রবাদী হুমকির মুখে ৩ জানুয়ারি মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঘণ্টা দুয়েকের মধ্যে কেকেআর সেই সিদ্ধান্ত প্রকাশ করে।
বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্রিকেট বোর্ড জানিয়েছে, একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এর ফলে আগামী মাসে বাংলাদেশ দল বিশ্বকাপে খেলতে গেলে নিরাপত্তার প্রশ্ন উঠছে। এ কারণে বাংলাদেশ দল ভারতের ভেতর না গিয়ে অন্য কোনো দেশে ম্যাচ আয়োজনের কথা ভাবছে।
ওমর আবদুল্লাহ বলেন, আইপিএল থেকে একজন খেলোয়াড়কে বাদ দেওয়ার বিষয়টি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরও ক্ষতিগ্রস্ত করবে। তিনি প্রশ্ন তুলেছেন, মুস্তাফিজের দোষ কী? পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ থাকাকে তিনি মানলেও বলেছেন, বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক সবসময় ভালো ছিল।
তিনি আরও বলেন, বাংলাদেশ কখনো ভারতের ক্ষতি করেনি। আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একজন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে, এর প্রভাব বিশ্বকাপেও পড়ছে। বাংলাদেশিরা বলছে, তারা ভারতে এসে খেলতে চায় না।
সংখ্যালঘুদের টার্গেট করার অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, খেলোয়াড়দের টার্গেট না করে ভারত সরকারের উচিত প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিকভাবে বিষয়টি সমাধান করা।


