ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্বকাপ ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে আইসিসির প্রতিনিধি দল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৯:৫৩ এএম
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে চলছে দোটানা। আইসিসিকে সরাসরি বিসিবি জানিয়েছে ভারতের মাটিতে না খেলার কথা। তবে আইসিসি বাংলাদেশকে অনুরোধ করেছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার। সবশেষ এই ইস্যুতে কথা বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ নজরুল বলেন, ‘আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি, আমাকে আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন যে আইসিসির একটা টিম হয়তো আসছে বাংলাদেশে কথা বলার জন্য।’

বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নেই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা আমাদের দেশেই খেলতে চাই। এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

পরে সাম্প্রতিক সময়ে ক্রিকেট অঙ্গনে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে আসিফ নজরুল বলেন, ‘আপনাকে ক্রিকেটের কথাটা একটু বলি। খুব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করেছেন, আমরা একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরো বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে।’

‘তো, সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারকে অপমানজনক যে মন্তব্য করেছেন, আমি একজন ক্রিকেটভক্ত হিসেবে বলি আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা।’ যোগ করেন তিনি।

দেশের ভাবমূর্তি ও সম্মানের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে আসিফ নজরুল বলেন, ‘আমাদের এখন বিশ্বকে এই বার্তা দেওয়া প্রয়োজন যে আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, ক্রিকেট ভক্ত—আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি।’