ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তামিমের ‘উসকানি’ প্রসঙ্গে যা বললেন কোয়াব সভাপতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৬:১৯ পিএম
ছবি : সংগৃহীত

দেশের সফলতম ওপেনার তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির তৎকালীন চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। 

এই মন্তব্যের প্রতিবাদ করায় বর্তমান ক্রিকেটারদের ওপরও ‘দালাল’ ট্যাগ  দেওয়া হচ্ছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে।

বিসিবি পরিচালকের এমন আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে এবং তার অপসারণের দাবিতে ক্রিকেটাররা ধর্মঘটের ডাক দেন। এর ফলে গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএলের দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিসিবি অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের ঘোষণা দিতে বাধ্য হয়। তবে পরবর্তীতে ক্রিকেটারদের দাবির মুখে নাজমুল ইসলামকে বিসিবির সকল কার্যক্রম ও অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন স্পষ্ট করেন যে, ক্রিকেটারদের এই আন্দোলনে কোনো তৃতীয় পক্ষের উসকানি নেই।

তামিম ইকবালের ‘উসকানি’তে এই ধর্মঘট—এমন অভিযোগের জবাবে মিঠুন বলেন, ‘কেন এই প্রশ্নটা তামিম ইকবালকে আপনারা করেন না? এই জিনিসটা তামিম ইকবালের সঙ্গে স্পষ্ট করে নিয়েন।’ 

কোয়াব নতুন করে গঠন করার সময় তার একটা রোল ছিল, কিন্তু এখন কোয়াবের সিদ্ধান্ত শুধু কোয়াবই নেয়। আমাদের কোনো সিদ্ধান্তে কোনো তৃতীয় ব্যক্তির প্রভাব নেই।