উগ্রবাদীদের চাপে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি নয়। এবার ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বলে জানিয়েছে আয়ারল্যান্ডও। তারা জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাদের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরাবে না।
ক্রিকেট আয়ারল্যান্ড ভারতে গিয়ে খেলছে না। তবে তারা আইসিসি থেকেও আশ্বাস পেয়ে গেছে যে, বিশ্বকাপে তাদের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরছে না। সংস্থাটির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা স্পষ্ট আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সূচি বদলাবে না। আমরা নিশ্চিতভাবে গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলব।’
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে আছে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে সহআয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।
অন্যদিকে বাংলাদেশ আছে গ্রুপ ‘বি’-তে। ওই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। বাংলাদেশের গ্রুপের ম্যাচ হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সফরে যেতে অনিচ্ছুক। এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে গ্রুপ বদলের প্রস্তাব তোলে। শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনায় আসে।
বিসিবি জানায়, ‘অন্য বিষয়গুলোর পাশাপাশি কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বাংলাদেশকে অন্য গ্রুপে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।’
তবে এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড কাউকেই সন্তুষ্ট করতে পারেনি। ফলে আয়ারল্যান্ডের অবস্থান বদলানোর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
আইসিসির প্রতিনিধি দলে ছিলেন গৌরব সাক্সেনা ও অ্যান্ড্রু এফগ্রেভ। গৌরব সাক্সেনা ভিসা জটিলতার কারণে ঢাকায় আসতে পারেননি। তিনি অনলাইনে বৈঠকে যুক্ত হন। অ্যান্ড্রু এফগ্রেভ সরাসরি বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বৈঠকে ছিলেন সভাপতি মো. আমিনুল ইসলাম। ছিলেন সহসভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। আরও ছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী।
বৈঠক শেষে বিসিবি জানায়, এ বিষয়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সবাই একমত হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। শেষ হবে ৮ মার্চ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন