জীবনের নতুন অধ্যায় শুরু করছেন সৌম্য সরকার। তিনি নিজেই ঘোষণাটি দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সৌম্যর জীবনের নতুন এ অধ্যায় আসলে কী?
নিজের ফেসবুক পোস্টেই স্পষ্ট করেছেন বাবা হচ্ছেন সৌম্য সরকার। স্ত্রীর সঙ্গে দেওয়া একটি ছবিতে সৌম্য পরা আছেন একটি কালো টি-শার্ট আর কালো ক্যাপ। তার স্ত্রী প্রিয়ন্তী দেবনাথের মাথায়ও কালো ক্যাপ।

সৌম্যর টি-শার্ট আর ক্যাপে সাদা অক্ষরে লেখা ‘ড্যাড’ (বাবা) আর প্রিয়ন্তির ক্যাপে লেখা ‘মম’ (মা)। সৌম্যর স্ত্রীর এক হাতে আবার ছোট্ট দুটি মোজা ধরা। এতেই স্পষ্ট, দুজনের ঘরে আসছে নতুন অতিথি।
সৌম্য ও প্রিয়ন্তির জন্য খবরটি বড় আনন্দের। তাই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সৌম্য। খবরটি দিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, ‘নতুন অধ্যায় শুরু করছি।’
উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল সৌম্য ও প্রিয়ন্তির। এরপর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি তারা বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। খুলনার তুতপাড়া এলাকার মেয়ে প্রিয়ন্তি দেবনাথ পূজা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন