মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আজ দেখা গেল টি-টোয়েন্টি ক্রিকেটের আসল ম্যাজিক। ছোট সংগ্রহের ম্যাচেও ছড়িয়ে ছিল রোমাঞ্চ। তবে শেষ হাসি হেসেছে সিলেট টাইটান্স। ক্রিস ওকসের বীরত্বে রংপুর রাইডার্সকে বিদায় করে টুর্নামেন্টের কোয়ালিফায়ার নিশ্চিত করল সিলেট।
ম্যাচের শুরুতে টস জিতে সিলেটকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে ব্যাটিংয়ে নেমে সিলেটের বোলারদের তোপে পড়ে রংপুরের ব্যাটাররা।
দলীয় ২৯ রানেই ৪ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে তারা। ডেভিড মালান (৪), তাওহীদ হৃদয় (৪), লিটন দাস (১) ও কাইল মেয়ার্স (৮) ব্যর্থ হয়ে দ্রুত সাজঘরে ফেরেন।
পঞ্চম উইকেটে খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৩৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। খুশদিল ১৯ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান আসে অভিজ্ঞ রিয়াদের ব্যাট থেকে।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে রংপুর। সিলেটের হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন খালেদ আহমেদ, তিনি শিকার করেন ৪টি উইকেট। এছাড়া ক্রিস ওকস ও নাসুম আহমেদ নেন ২টি করে উইকেট।
১১২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে সিলেট টাইটান্স। তবে সেই চাপ সামলে নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও ইংলিশ তারকা স্যাম বিলিংস। এই দুই ব্যাটারের ৫০ রানের কার্যকরী জুটি সিলেটকে জয়ের পথে নিয়ে আসে।
ম্যাচের শেষ দিকে নাটকীয়তা আরও বেড়ে যায় যখন দ্রুত কিছু উইকেট হারিয়ে জয় কিছুটা কঠিন হয়ে পড়ে সিলেটের জন্য। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান।
ফাহিম আশরাফের করা শেষ বলে দুর্দান্ত এক ছক্কা হাঁকিয়ে ৩ উইকেট হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ক্রিস ওকস।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স: ১১১/৯ (২০ ওভার); রিয়াদ ৩৩, খুশদিল ৩০। খালেদ ৪/১৫।
সিলেট টাইটান্স: ১১২/৭ (২০ ওভার); বিলিংস ও মিরাজের ফিফটি প্লাস পার্টনারশিপ।
ফল: সিলেট টাইটান্স ৩ উইকেটে জয়ী।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন