টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডিসপিউট রেজল্যুশন কমিটির (ডিআরসি) কাছে করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবেদন খারিজ হয়ে গেছে।
ভারতের বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। তবে এখানেই থামতে চায় না বিসিবি। ভারত ও আইসিসির চোখে চোখ রেখে প্রয়োজনে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার কথাও ভাবছে সংস্থাটি।
পিটিআইকে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা ও আইনি পথ খোলা রাখতে আইসিসির ডিআরসির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু ডিআরসিও যদি বিসিবির বিপক্ষে রায় দেয়, তাহলে সংস্থার সামনে একমাত্র পথ হিসেবে থাকবে সুইজারল্যান্ডভিত্তিক কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) দ্বারস্থ হওয়া।
আইসিসির সংবিধান অনুযায়ী, সদস্য বোর্ডগুলো ডিআরসির কাছে আবেদন করতে পারে। তবে আইসিসি বোর্ডের গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানি নেওয়ার এখতিয়ার নেই ইংল্যান্ডের মাইকেল বেলের নেতৃত্বাধীন এই কমিটির।
ডিআরসির শর্তাবলির ১.৩ ধারায় স্পষ্ট বলা আছে, আইসিসির সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তির বিরুদ্ধে গিয়ে তারা কোনো পদক্ষেপ নিতে পারে না এবং আইসিসির নিয়ম অনুযায়ী নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কমিটি হিসেবেও কাজ করবে না।
ডিআরসি একটি স্বাধীন সালিশি সংস্থা, যা আইসিসির সদস্য বোর্ড, খেলোয়াড় ও কর্মকর্তাদের সংশ্লিষ্ট বিরোধ নিষ্পত্তি করে থাকে। সাধারণত আইসিসির অভ্যন্তরীণ সব প্রক্রিয়া শেষ হওয়ার পরই এই কমিটি হস্তক্ষেপ করে।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ ঘিরে বিসিবি ও আইসিসির মধ্যে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তারই প্রেক্ষাপটে ডিআরসির বিষয়টি সামনে আসে।
বাংলাদেশ সরকার নিরাপত্তাজনিত ঝুঁকির কথা উল্লেখ করে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে। তবে আইসিসি বোর্ড ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশের দাবি নাকচ করে দেয়।


