ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্বকাপের পরিবর্তে নতুন টুর্নামেন্টের ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১১:১৫ এএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

নিরাপত্তা উদ্বেগের কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। দীর্ঘ সময় ধরে ভেন্যু পরিবর্তনের দাবি জানালেও আইসিসি সেটি মেনে নেয়নি। এর ফলে লাল-সবুজের জায়গায় বিশ্বকাপে খেলছে স্কটল্যান্ড।

দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ মিস করার কারণে ক্রিকেটাররা আর্থিক এবং পেশাদার ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন। এই ক্ষতি কিছুটা পূরণ করতে সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে দেশে একটি বড় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম জানিয়েছেন, ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে এবং আর্থিক ক্ষতি লাঘব করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনা শেষে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি গণমাধ্যমকে বলেন, আর্থিক বিষয়গুলো অবশ্যই রয়েছে, তবে আমাদের প্রথম প্রাধান্য নিরাপত্তা। উপদেষ্টা ইতোমধ্যেই বিসিবির সঙ্গে আলোচনা করেছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি দেশেই একটি টুর্নামেন্ট আয়োজন করার। বিসিবির মাধ্যমে খুব শীঘ্রই বিস্তারিত জানা যাবে।

সচিব আরও জানান, সরকার সরাসরি টুর্নামেন্ট পরিচালনা না করলেও সব কার্যক্রম বিসিবির মাধ্যমে সম্পন্ন হবে। টুর্নামেন্টের বিশেষত্ব হলো, কেবল বিশ্বকাপের ১৫-২০ জন ক্রিকেটার নয়, দেশের অন্যান্য শীর্ষস্থানীয় ও উদীয়মান ক্রিকেটাররাও খেলবেন।

মাহবুব-উল-আলম বলেন, জাতীয় দলে তো সীমিত সংখ্যক খেলোয়াড় থাকে। তাই একটি টুর্নামেন্ট আয়োজন করলে প্রমিনেন্ট ক্রিকেটাররাও খেলবেন। এতে সবাই প্রতিযোগিতামূলক ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারবে।