ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কেন রিশাদকে ছেড়ে দিল লাহোর?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১১:৫৮ এএম
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুম শুরু হওয়ার আগে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে এক বড় সিদ্ধান্ত নিয়েছে লাহোর কালান্দার্স। গত মৌসুমে শিরোপা জয়ের পথে সাত ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া রিশাদ এবার আর লাহোরের রিটেইন করা খেলোয়াড়ের তালিকায় থাকলেন না।

নতুন পিএসএল নিলামের নিয়ম অনুযায়ী এবার প্রথমবারের মতো ড্রাফটের পরিবর্তে নিলামের মাধ্যমে দল গঠন করা হবে। প্রতিটি দল বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ চারজন খেলোয়াড়কে রিটেইন করতে পারবে। 

তবে নতুন মৌসুমের আগে বদলে যাওয়া নিয়মের কারণে রিশাদকে ছেড়ে দিতে হয়েছে দলটিকে। এই নিয়মে লাহোর কালান্দার্স প্লাটিনাম ক্যাটাগরিতে শাহীন শাহ আফ্রিদি, ডায়মন্ডে আবদুল্লাহ শফিক, গোল্ডে সিকান্দার রাজা এবং সিলভারে মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছে।

রিশাদ হোসেনের পারফরম্যান্স কেবল পিএসএলে নয়, আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নজর কাড়ছে। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের হয়ে খেলেছেন।

বল হাতে সেখানে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন রিশাদ। পুরো আসরে কোনো স্পিনার তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি।

এবারের পিএসএল নিলাম অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি, টুর্নামেন্ট শুরু হবে ২৬ মার্চ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে। চলতি মৌসুমে নতুন করে দুটি দল যোগ হচ্ছে—হায়দরাবাদ ও শিয়ালকোট স্ট্যালিয়নজ, ফলে ছয় দল থেকে বেড়ে আট দলে রূপ নিচ্ছে পাকিস্তান সুপার লিগ।