বিতর্ক সঙ্গী করে পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। তবে মাঠের লড়াইয়ে প্রথম দিনেই জমজমাট রোমাঞ্চ উপহার পেলেন ক্রিকেট ভক্তরা। দিনের অন্যতম আকর্ষণ ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ডের অবিশ্বাস্য হ্যাটট্রিক।
এ দিন ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫ উইকেট নিয়ে ক্যারিবীয়দের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে স্কটিশদের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভারে শেফার্ড তার জাদু দেখান। ওভারের দ্বিতীয় বলে ওয়াইড ইয়র্কারে ম্যাট ক্রসকে সাজঘরে ফেরান।
পরের বলে ছক্কা মারার প্রচেষ্টায় ডিপ মিড উইকেটে ধরা পড়েন মাইকেল লিস্ক। তার পরের বলে ওলিভার ডেভিডসনকে বোল্ড করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ১০ম হ্যাটট্রিকটি পূর্ণ করেন শেফার্ড।
হ্যাটট্রিক করার পর একটি ডট বল দিলেও ওভারের শেষ বলে আবারও উইকেট তুলে নেন এই পেসার। দুর্দান্ত এই ওভারে মাত্র ৫ বলে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি নিজের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার গড়েন শেফার্ড।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি সামগ্রিকভাবে ১০ম হ্যাটট্রিক। এখন পর্যন্ত ৯ জন বোলার এই কীর্তি গড়লেও প্যাট কামিন্স একাই দুবার এই রেকর্ড করেছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন