ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় দ্বৈরথ মানেই গ্যালারিতে টানটান উত্তেজনা, মাঠের লড়াইয়ে স্নায়ুচাপ আর সমর্থক-সমালোচকদের তর্কাতর্কি। রাজনৈতিক ও ভৌগোলিক বৈরিতা ছাপিয়ে যা প্রায়শই মাঠের খেলায় চরম উত্তেজনা তৈরি করে। কিন্তু এই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের খেলোয়াড়রা যখন ভিন্ন কোনো পতাকার নিচে ঐক্যবদ্ধ হন, তখন দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়।
ঠিক এমন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দল। পাকিস্তান ও ভারত থেকে আসা ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত এই দলের অন্দরমহলে দ্বন্দ্বের কোনো স্থান নেই, বরং সেখানে বিরাজ করছে পারিবারিক সৌহার্দ্য।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে দলের এই ঐক্যের চিত্র তুলে ধরেন পাকিস্তান থেকে আসা আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের ড্রেসিংরুমে কোনো জাতীয়তাবাদী বিভেদ নেই।
ওয়াসিম বলেন, আমাদের দলে কোনো ভারত-পাকিস্তান নেই। আমরা দুই দেশের উত্তেজনা নিয়ে কথা বলি না। আমরা সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলছি এবং নিজেদেরকে সব সময় একটি পরিবার হিসেবেই দেখি। পরিবার ও বন্ধুর মতো থাকি আমরা, একসঙ্গে সময় কাটাই। সত্যি বলতে এই দলে কোনো ভারতীয় বা পাকিস্তানি নেই।
শক্তির বিচারে কিউইরা অনেক এগিয়ে থাকলেও, ওয়াসিম আত্মবিশ্বাসী অঘটন ঘটাতে। ব্ল্যাকক্যাপদের হারানোর পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমাদের কৌশল খুব সাধারণ। আমরা ওদেরকে আগে হারিয়েছিলাম। তবে এবার ভেন্যু, টুর্নামেন্ট, ম্যাচ–সবই আলাদা। এবার আমাদের পরিকল্পনাও ভিন্ন।’


