২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের গ্রুপপর্ব শেষে সুপার এইটে উঠেছে ৮ দল। আজ শবিবার (২১ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে সুপার এইটের লড়াই।
সুপার এইটের ম্যাচে দুই গ্রুপে ভাগ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করার জন্য দলগুলো মাঠে নামবে। প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল খেলবে সেমিফাইনালে।
আজ প্রথম দিনে পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এর আগে, পাকিস্তান ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে ওঠা নিশ্চিত করেছিল। অন্যদিকে ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে নিউজিল্যান্ড।
আজকের ম্যাচ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার ইনজুরি থেকে ফিরেছেন, যা নিউজিল্যান্ডের জন্য স্বস্তির খবর হতে পারে। তাই পাকিস্তানের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে স্যান্টনারকে।
ইতিহাস বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান নিউজিল্যান্ডের থেকে এগিয়ে। দুই দল এখন পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে, যেখানে নিউজিল্যান্ডের জয় ২টি, পাকিস্তানের জয় ৫টি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন