ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৬:৫৬ পিএম
জেমিমাহ রদ্রিগেজ। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে এক দশক পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল ভারত নারী দল। সিরিজের তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল হারমানপ্রীত কৌরের দল। ভারতের ১৭৬ রানের জবাবে অজিদের ইনিংস ১৫৯ রানেই থমকে যায়।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ওপেনার শেফালি ভার্মা দ্রুত বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে ১২১ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন স্মৃতি মান্ধানা ও জেমিমাহ রদ্রিগেজ। এটি টি-টোয়েন্টিতে দ্বিতীয় উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটি।

এদিন ভারতের হয়ে ব্যাট হাতে জোড়া ফিফটি হাঁকান স্মৃতি মান্ধানা ও জেমিমাহ রদ্রিগেজ। ৫৫ বলে ৮২ রানে আউট হন মান্ধানা, ৪৬ বলে ৫৯ রানে সাজঘরে ফিরেন জেমিমাহ। এবং শেষ দিকে রিচা ঘোষের ৭ বলে ১৮ রানের ক্যামিও ভারতকে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেয়।

রেকর্ড ১৭৭ রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে বল হাতে ভেলকি দেখান অফস্পিনার শ্রেয়াঙ্কা পাতিল। নিজের প্রথম ওভারেই ওপেনার জর্জিয়া ভল এবং অভিজ্ঞ এলিস পেরিকে আউট করে অজি ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। 

এদিন বল হাতে ৩ উইকেট শিকার করে তিনি ভারতের জয়ে বড় ভূমিকা রাখেন। তাকে যোগ্য সঙ্গ দেন বাঁ-হাতি স্পিনার শ্রী চারানি, তিনিও নেন ৩টি উইকেট।

অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাশলে গার্ডনার ৪৫ বলে ৫৭ রানের এক লড়াকু ইনিংস খেলে ম্যাচে প্রাণ ফিরিয়েছিলেন। কিন্তু সীমানার কাছে জেমিমাহ রদ্রিগেজের এক অবিশ্বাস্য ক্যাচে গার্ডনার বিদায় নিলে অস্ট্রেলিয়ার জয়ের আশা শেষ হয়ে যায়। 

ম্যাচের স্কোর

ভারত: ১৭৬/৬ (২০ ওভার) - মান্ধানা ৮২, রদ্রিগেজ ৫৯; সাদারল্যান্ড ২/১২।

অস্ট্রেলিয়া: ১৫৯/৯ (২০ ওভার) - গার্ডনার ৫৭; শ্রেয়াঙ্কা পাতিল ৩/২২, শ্রী চারানি ৩/৩২।