ভেন্যু জটিলতায় শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। এই ধাক্কা সামলাতে না পেরে দলের দুই ক্রিকেটার মানসিকভাবে ‘কোমায়’ চলে গিয়েছিলেন বলে মন্তব্য করেছিলেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
তাঁর এই চাঞ্চল্যকর মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন টপ-অর্ডার ব্যাটার সাইফ হাসান। কোচ কাকে ইঙ্গিত করেছেন তা না জানলেও, সাইফ স্পষ্ট জানিয়েছেন—তিনি ‘কোমায়’ যাননি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাইফ হাসান নিজের অবস্থান পরিষ্কার করেন। এর আগে শুক্রবার সালাউদ্দিনের বক্তব্যের পর সাইফ ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিলে ক্রিকেটপাড়ায় গুঞ্জন ওঠে, সেই দুই ক্রিকেটারের একজন হয়তো তিনি।
সহকারী কোচের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে সাইফ বলেন, জানি না স্যার কাকে নিয়ে বলেছেন। কিন্তু আমি তো না, আমি কোমায় যাইনি।
নিজের ফেসবুক স্ট্যাটাসের ব্যাখ্যা দিয়ে তিনি আরও যোগ করেন, বিশ্বকাপ মিস করায় সবারই খারাপ লেগেছে, এটা অস্বীকার করার কিছু নেই। তবে আমার স্ট্যাটাসটা ছিল মূলত ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ নিয়ে। ওখানে খেলে আমি একটা ভালো ছন্দে ফিরেছি, সেটা আমার জন্য স্বস্তির ছিল। সেই অনুভূতিটাই আমি শেয়ার করেছি।
ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সাইফ। তবে পেশাদারত্বের খাতিরে দ্রুতই সেই বিষণ্ণতা কাটিয়ে উঠেছেন বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন