বাংলাদেশে কেউ টেস্ট ক্রিকেটার হওয়া মানে তার জন্য দুর্ভোগ অপেক্ষা করছে—দেশের ক্রিকেট সংস্কৃতি নিয়ে এমনই মন্তব্য করেছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
দীর্ঘ সাত বছর ধরে সাদা বলের ক্রিকেটে ব্রাত্য হয়ে থাকা এই বাঁহাতি ব্যাটারের মতে, বর্তমান প্রেক্ষাপটে টেস্ট স্পেশালিস্ট তকমা পাওয়াটা একজন ক্রিকেটারের ক্যারিয়ারের জন্য অভিশাপের মতো।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিসিএলের ওয়ানডে ফরম্যাটে ইস্ট জোনের হয়ে নর্থ জোনের বিপক্ষে দারুণ এক হাফ-সেঞ্চুরি করেন মুমিনুল। দল হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তিনি। তবে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মাঠের পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় উঠে আসে তার দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও হতাশা।
২০১৮ সালের পর আর জাতীয় দলের রঙিন পোশাকে দেখা যায়নি মুমিনুলকে। এমনকি ঘরোয়া ক্রিকেটের সীমিত ওভারের টুর্নামেন্টগুলোতেও তাকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে এক ধরনের অনীহা দেখা যায়।
এ বিষয়ে মুমিনুল বলেন, ভবিষ্যতে এমন প্রশ্ন আসতে পারে যে আপনি টেস্ট ক্রিকেটারদের জন্য কী বলবেন। আমি তো বলব যে বাংলাদেশে কোনো টেস্ট ক্রিকেটার তৈরি হওয়া উচিত না। এ রকম অবস্থা হলে টেস্ট ক্রিকেটার হওয়া উচিত না। কারণ, আপনি সাদা বলের কোনো খেলা খেলতে পারছেন না।
মুমিনুল আরও বলেন, ওকে যদি আপনি সারাদিন শুধু লাল বলের জন্য তৈরি করেন, তবে সেটা লাল বলের ক্রিকেটের জন্যই খারাপ উদাহরণ হবে।
বাংলাদেশের হয়ে ৭৫টি টেস্ট খেলা এই অভিজ্ঞ ব্যাটারের মতে, পারফরম্যান্সের ভিত্তিতে বিচার না করে কেবল 'টেস্ট ক্রিকেটার' তকমা দিয়ে কাউকে সাদা বলের ক্রিকেট থেকে দূরে সরিয়ে রাখাটা ক্রিকেটীয় যুক্তিতে পড়ে না।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন