ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিতে বড় রদবদল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৩:২৫ পিএম
ছবি : সংগৃহীত

চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বের সূচি ও ভেন্যু নিয়ে নতুন ব্যাখ্যা প্রদান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সুপার এইটের লড়াই শুরু হওয়ার পর অংশগ্রহণকারী দেশ ও অংশীজনদের কাছে পাঠানো এক বার্তায় ভেন্যু-সংক্রান্ত এই ধোঁয়াশা দূর করা হয়েছে। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেমিফাইনালের প্রথম ম্যাচটি ‘ফ্লোটিং’ বা পরিবর্তনযোগ্য রাখা হয়েছে, যা নির্ভর করছে এশিয়ান জায়ান্ট ভারত, পাকিস্তান ও সহস্বাগতিক শ্রীলঙ্কার ফলাফলের ওপর।

আইসিসির নতুন ব্যাখ্যায় জানানো হয়েছে, প্রথম সেমিফাইনালের ভেন্যু হিসেবে কলম্বো ও কলকাতা—উভয় শহরকেই প্রস্তুত রাখা হয়েছে। পাকিস্তান যদি শেষ চারে জায়গা করে নিতে পারে, তবে আগামী ৪ মার্চ তারা প্রথম সেমিফাইনালটি খেলবে কলম্বোতে।

অন্যদিকে, পাকিস্তান সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলেও যদি সহ-স্বাগতিক শ্রীলঙ্কা সেমিফাইনাল নিশ্চিত করে, তবে তারা ঘরের মাঠ কলম্বোতেই খেলার সুযোগ পাবে। 

তবে এ ক্ষেত্রে শর্ত হলো, লঙ্কানদের প্রতিপক্ষ হিসেবে ভারত থাকা চলবে না। যদি পাকিস্তান ও শ্রীলঙ্কা—উভয় দলই সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়, তবেই কেবল প্রথম সেমিফাইনালটি কলকাতায় অনুষ্ঠিত হবে।

ভারতীয় দলের জন্য সেমিফাইনাল ভেন্যু হিসেবে মুম্বাইকে প্রাধান্য দেওয়া হয়েছে। ভারত সেমিফাইনালে উঠলে তারা মুম্বাইয়েই খেলবে। তবে এখানে একটি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। 

যদি সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হয় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, তবে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কিংবা সূচির বিশেষ প্রয়োজনে ম্যাচটি মুম্বাইয়ের পরিবর্তে কলম্বোতে সরিয়ে নেওয়া হবে।

তিন এশিয়ান পরাশক্তি বাদ পড়লে সূচি যেমন হবে

যদি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কেউই শেষ চারের টিকিট না পায়, তবে সূচি হবে প্রথাগত নিয়মে। সে ক্ষেত্রে প্রথম সেমিফাইনাল (কলকাতা। সুপার এইটের গ্রুপ-১ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-২ রানার্সআপ। এবং দ্বিতীয় সেমিফাইনাল (মুম্বাই)। সুপার এইটের গ্রুপ-২ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-১ রানার্সআপ।