দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল ডলফিন্সে আবারও ফিরলেন কিংবদন্তি লেগ স্পিনার ইমরান তাহির। ৪৬ বছর বয়সেও বল হাতে নিজের জাদু দেখাতে প্রস্তুত এই অভিজ্ঞ ক্রিকেটার।
শুক্রবার গেবেরহা ওয়ারিয়র্সের বিপক্ষে সিএসএ ওয়ানডে কাপের শিরোপা ধরে রাখার মিশন শুরু করছে ডলফিন্স, আর এই ম্যাচ দিয়েই দীর্ঘ বিরতির পর পুরোনো ডেরায় ফিরছেন তাহির।
২০১০-১১ থেকে ২০১৯-২০ মৌসুম পর্যন্ত ডলফিন্সের হয়ে নিয়মিত খেলেছেন তাহির। এবার দলের কঠিন সময়ে অভিজ্ঞতার ঝুলি নিয়ে আবারও তাকে ড্রেসিংরুমে ফেরাল ফ্র্যাঞ্চাইজিটি।
তাহিরের পাশাপাশি দলে যোগ দিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার জেজে স্মাটস, যিনি সম্প্রতি ইতালির হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে ফিরেছেন।
মূলত জাতীয় দলের ব্যস্ততার কারণে ডলফিন্স তাদের সাতজন নির্ভরযোগ্য ক্রিকেটারকে এই টুর্নামেন্টে পাচ্ছে না। আগামী ১৫ মার্চ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের সেই স্কোয়াডে রয়েছেন ডলফিন্সের কেশব মহারাজ, এনকোবানি মোকোয়েনা, ওটনিল বার্টম্যান, প্রেনেলান সুব্রায়েন, ইথান বোশ, অ্যান্ডিল সিমেলেন এবং জেসন স্মিথ।
ডলফিন্স কোচ কুইন্টন ফ্রেন্ড এক বিবৃতিতে বলেন, ইমরান একজন অসাধারণ টিম ম্যান। নিউজিল্যান্ড সফরের জন্য আমরা অনেক খেলোয়াড়কে হারাচ্ছি, তাই ইমরানের মতো অভিজ্ঞ একজনকে এই সময়ে পাওয়া আমাদের জন্য বড় স্বস্তির। তার উপস্থিতি ড্রেসিংরুমে ইতিবাচক প্রভাব ফেলবে।
২০২৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতেই বসবে ৫০ ওভারের বিশ্বকাপ। তখন তাহিরের বয়স হবে ৪৮। তবে কোচ ফ্রেন্ড মনে করেন, বিশ্বকাপের প্রস্তুতি ও দেশের পাইপলাইন শক্তিশালী করতে এই ঘরোয়া ওয়ানডে কাপের গুরুত্ব অপরিসীম।


