ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইডেনে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৫:৩৬ পিএম
ছবি : সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ বুধবার (৪ মার্চ) মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে হতে যাওয়া এই হাই-ভোল্টেজ ম্যাচটি ঘিরে ক্রিকেট বিশ্বে বইছে টানটান উত্তেজনা। এই ম্যাচের জয়ী দলই আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলার টিকিট পাবে।

দক্ষিণ আফ্রিকা চলতি টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে উঠেছে। গ্রুপ পর্ব থেকে সুপার এইট পর্যন্ত খেলা টানা সাতটি ম্যাচের সবকটিতেই জিতেছে প্রোটিয়ারা। 

অন্যদিকে, সুপার এইটে ইংল্যান্ডের কাছে হারলেও নেট রান রেটে পাকিস্তানকে পেছনে ফেলে শেষ চারে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।

জানা যায়, ইডেন গার্ডেন্সের পিচ আজ ব্যাটার ও বোলার উভয়ের জন্যই রোমাঞ্চকর হবে। প্রথাগতভাবে এটি বড় রানের মাঠ হলেও পেসাররা বাড়তি বাউন্স দিয়ে ব্যাটারদের পরীক্ষা নিতে পারেন। 

বিশেষ করে ৬২ ও ৬৪ মিটারের ছোট স্কয়ার বাউন্ডারি এবং দ্রুতগতির আউটফিল্ডের কারণে ১৯০ রানের নিচের যেকোনো স্কোর এখানে টপকানো সহজ হতে পারে।

আরও জানা যায়, খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে স্পিনাররাও এই উইকেটে ভূমিকা রাখতে পারেন। পিচ কিছুটা ঘষঘষে হয়ে উঠলে স্লোয়ার বা কাটার বোলাররা সুবিধা পাবেন। 

পরিসংখ্যান বলছে, এই মাঠে আগে ব্যাটিং করা বা পরে ব্যাটিং করার মধ্যে খুব একটা তফাত নেই। ১৯টি ম্যাচের মধ্যে ১০টিতে জিতেছে পরে ব্যাটিং করা দল, আর ৯টিতে জিতেছে আগে ব্যাটিং করা দল।