সদ্য সমাপ্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে একের পর এক ভবিষ্যদ্বাণী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রুপের শিকার হয়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।
সেই রেশ কাটতে না কাটতেই এবার নিজ দেশের ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের শোচনীয় পরাজয়ের পর শাহীন-রিজওয়ানদের রীতিমতো ধুয়ে দিয়েছেন এই বাঁহাতি পেসার।
বুধবার (১১ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান।
বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার গতির ঝড়ে মাত্র ৩০ ওভার ৪ বলে ১১৪ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ২০৯ বল হাতে রেখেই বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ।
এমন হারের পর নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে পাকিস্তান দলকে নিয়ে কঠোর সমালোচনা করেন আমির।
তিনি বলেন, পাকিস্তান মাত্র ১১৪ রানে গুটিয়ে গেছে। যে উইকেটে আমরা ব্যাটিং করতে পারলাম না, সেই একই উইকেটে বাংলাদেশ মাত্র ১৫.১ ওভারে খেলা শেষ করে দিল। সত্যি বলতে, আজ আমাদের খুব মজা করেই পিটিয়েছে বাংলাদেশ।
ম্যাচে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেওয়া নাহিদ রানার প্রশংসা করেছেন আমির।
রানার বোলিং সামর্থ্য নিয়ে তিনি বলেন, রাওয়ালপিন্ডিতে এর আগে রানার বোলিং দেখেছি। সে নিয়মিত ১৩৫-১৪০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারে। আজকেও সে দারুণ খেলেছে এবং কন্ডিশন কাজে লাগিয়ে আমাদের ব্যাটারদের শাসন করেছে।


