পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন একাদশ আসরে প্রথমবারের মতো মাঠ কাঁপাতে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। টুর্নামেন্টের অন্যতম সফল দল ও সাবেক চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে এই টাইগার তারকাকে।
সোমবার (১৬ মার্চ) এক বিবৃতির মাধ্যমে শরিফুলের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
শরিফুলকে দলে নেওয়ার ঘোষণাটি বেশ ব্যতিক্রমীভাবে উপস্থাপন করেছে পেশোয়ার জালমি। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অ্যানিমেটেড পোস্টার শেয়ার করে তারা, যেখানে শরিফুলকে ‘বেঙ্গল টাইগার’ আখ্যা দিয়ে সিংহাসনে বসা অবস্থায় দেখানো হয়েছে।
ক্লাবটি তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছে, শরিফুলের আগমনে তাদের ‘ইয়েলো স্টর্ম’ আরও শক্তিশালী হয়েছে এবং এই এক্সপ্রেস পেসার হলুদ জার্সিতে গতির ঝড় তুলতে মুখিয়ে আছেন।
২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই তিন ফরম্যাটে জাতীয় দলের নিয়মিত মুখ শরিফুল ইসলাম। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে তার ধারাবাহিকতা ও বৈচিত্র্য নজর কেড়েছে বিশ্ব ক্রিকেটের।
এখন পর্যন্ত দেশের হয়ে ১৪টি টেস্ট, ৪০টি ওয়ানডে ও ৫৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৫৬ ম্যাচে ১৯৫ উইকেট শিকার করা এই পেসারের বোলিং গড় মাত্র ২২.২৭।


