ব্যাট হাতে ফোবি লিচফিল্ড ও নিকোলা ক্যারির তান্ডব, আর বল হাতে কিম গার্থের নিয়ন্ত্রিত বোলিং—সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকদের ১০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অজি মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজের স্ট্যাফানি টেলর দুর্দান্ত এক সেঞ্চুরি করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
শুক্রবার রাতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতেই আগ্রাসী মেজাজে শুরু করেন ফোবি লিচফিল্ড ও জর্জিয়া ভল। লিচফিল্ড ৭২ বলে ৭৭ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ৯টি চার ও ২টি ছক্কার মার।
অন্যদিকে ভল মাত্র ৩২ বলে ৪২ রান করে আউট হন। মিডল অর্ডারে অভিজ্ঞ এলিস পেরি (৪৪) এবং সোফি মোলিনাক্স (৪৬) বড় কোনো স্কোর করতে না পারলেও দলের রানের চাকা সচল রাখেন।
ইনিংসের শেষ দিকে নিকোলা ক্যারির ৩৯ বলে ৫০ এবং জর্জিয়া ওয়্যারহ্যামের মাত্র ২১ বলে ৪২ রানের বিধ্বংসী ক্যামিওতে ভর করে অস্ট্রেলিয়া তাদের নির্ধারিত ৫০ ওভারের এক বল বাকি থাকতেই ৩৪১ রানের পাহাড়সম স্কোর গড়ে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অ্যাফি ফ্লেচার ৩টি এবং ডিন্ড্রা ডটিন ও স্ট্যাফানি টেলর ২টি করে উইকেট শিকার করেন।
৩৪২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। হেইলি ম্যাথিউস ও কিয়ানা জোসেফ ভালো শুরু করলেও তা বড় ইনিংসে রূপান্তর করতে ব্যর্থ হন।
তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান অভিজ্ঞ ব্যাটার স্ট্যাফানি টেলর। ১২৯ বলে ১০৫ রানের এক অনবদ্য ইনিংস খেলে তিনি দলের আশা বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। তার এই ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও ১টি ছক্কার মার।
এদিন টেলরকে যোগ্য সঙ্গ দিতে পারেননি অন্য ব্যাটাররা। চিনেল হেনরি ৩৭ রান করলেও ডটিন ও ক্যাম্পবেলের মতো মিডল অর্ডার ব্যাটাররা দ্রুত সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৮ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার পক্ষে কিম গার্থ ১০ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে বোলিং আক্রমণের নেতৃত্ব দেন। এছাড়া অ্যাশলে গার্ডনার নেন ২টি উইকেট। এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন