জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও সানরাইজার্স হায়দরাবাদ।
আজ শনিবার (২৮ মার্চ) বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে দুই ব্যাটিং পরাশক্তির এই লড়াই দিয়ে শুরু হচ্ছে এবারের ক্রিকেট মহাযজ্ঞ।
ঘরের মাঠে চেনা কন্ডিশনে টুর্নামেন্ট শুরু করতে মুখিয়ে আছে আরসিবি। অন্যদিকে, আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত সানরাইজার্স হায়দরাবাদও চাইবে বড় জয় দিয়ে আসর শুরু করতে।
চিন্নাস্বামীর ব্যাটিং সহায়ক উইকেট আর ছোট বাউন্ডারির কারণে আজ মাঠজুড়ে রানের বন্যা দেখা যেতে পারে।
ঐতিহাসিকভাবেই এম. চিন্নাস্বামী স্টেডিয়াম ব্যাটারদের জন্য ‘স্বর্গরাজ্য’ হিসেবে পরিচিত। এখানকার পিচ সাধারণত ফ্ল্যাট থাকে, যা শট খেলার জন্য আদর্শ।
বিশেষ করে বাউন্ডারি ছোট হওয়ায় ব্যাটাররা সহজেই সীমানা পার করতে পারেন। সাম্প্রতিক মৌসুমগুলোতে এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৮০ থেকে ১৯০-এর মধ্যে থাকলেও, আজকের ম্যাচে ২০০-এর বেশি রান হওয়া মোটেও অসম্ভব নয়।
বোলারদের জন্য এই মাঠে কাজটা বেশ কঠিন হবে। শুরুতে পেসাররা সামান্য সুইং পেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট পুরোপুরি ব্যাটারদের নিয়ন্ত্রণে চলে যায়। স্পিনারদের জন্য এখানে টার্ন পাওয়া দুষ্কর, তাই স্রেফ গতির বৈচিত্র্য আর লাইন-লেন্থের ওপর নির্ভর করতে হবে তাদের।
এছাড়া দ্বিতীয় ইনিংসে শিশির বড় প্রভাব ফেলতে পারে, যা রান তাড়ায় সুবিধা দেবে ব্যাটিং দলকে। ফলে টসে জয়ী অধিনায়কের আগে ফিল্ডিং নেওয়ার সম্ভাবনাই বেশি।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ বেঙ্গালুরুতে বৃষ্টির কোনো আশঙ্কা নেই। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও সন্ধ্যার দিকে আবহাওয়া বেশ মনোরম থাকবে (২৪-২৮° সেলসিয়াস)। আকাশ পরিষ্কার থাকায় পুরো ৪০ ওভারের টানটান লড়াই দেখার সুযোগ পাবেন দর্শকরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন