বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব গ্রহণ করেছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাড-হক কমিটির সদস্যরা। গতকাল বিসিবি কার্যালয়ে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির প্রধান তামিম ইকবাল জানান, তাদের মূল লক্ষ্য ক্রিকেটের হারানো সুনাম ফিরিয়ে আনা।
পরিবর্তনের এই মিছিলে কোনো ভুল হলে তা স্বীকার করে এগিয়ে যাওয়ার মানসিকতা ব্যক্ত করে তিনি বলেন, ‘আমাদের ভুল হবে, আর সেই ভুল থেকেই আমরা শিখব।’
বিসিবির আগের বোর্ড ভেঙে দেওয়ার পর ১১ সদস্যের এই অ্যাড-হক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডটি ভেঙে দেওয়া হয়। এনএসসির তদন্তে উঠে এসেছে যে, বিগত নির্বাচনে ব্যাপক কারচুপি এবং তৎকালীন প্রশাসনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ ছিল, যার ফলে আগের বোর্ডটি তার বৈধতা হারায়।
দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তামিম ইকবাল ক্রিকেটের ভাবমূর্তি সংকটের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন। তিনি বলেন, গত এক-দেড় বছরে বাংলাদেশ ক্রিকেটের সুনামের যে ব্যাপক ক্ষতি হয়েছে, তা ফেরানোই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এই ড্যামেজ কাটিয়ে উঠতে চাই। বিসিবিতে যারা কাজ করেন, তারা যেন আবারও গর্বের সাথে নিজেদের পরিচয় দিতে পারেন, সেই পরিবেশ আমরা ফিরিয়ে আনব।
বোর্ডের শৃঙ্খলা এবং তথ্যের বিভ্রান্তি দূর করতে এবার নতুন পন্থার কথা জানিয়েছেন তামিম। এখন থেকে বোর্ডের যেকোনো সিদ্ধান্ত বা বক্তব্য প্রদানের জন্য নির্দিষ্ট একজন স্পোকসপারসন বা মুখপাত্র নির্ধারণ করা হয়েছে।
তামিম সাংবাদিকদের অনুরোধ জানিয়ে বলেন, আগে আমরা দেখেছি বিভিন্ন পরিচালক বিভিন্ন সময় কথা বলতেন, যা বিভ্রান্তি তৈরি করত। এখন থেকে যেকোনো প্রয়োজনে তানজিল ভাইয়ের সাথে কথা বলবেন, এতে আমাদের কাজ করা সহজ হবে।
ক্রিকেটকে ঢেলে সাজানোর এই প্রক্রিয়ায় খেলোয়াড়দের সম্মান এবং অংশীদারদের মূল্যায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে নতুন কমিটি।
সংবাদ সম্মেলনে তামিম স্পষ্টভাবে বলেন, খেলোয়াড়দের যথাযথ সম্মান দিতে হবে। ভালো কিছুর জন্য পরিবর্তন প্রয়োজন এবং আমরা সেই পরিবর্তন আনতে চাই। কেবল কথার কথা নয়, বাস্তব কাজের মাধ্যমেই আমরা প্রমাণ দিতে চাই।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন