বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পরবর্তী চক্রে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে আইসিসি। টেস্ট ক্রিকেটকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং দলগুলোর কাছে গ্রহণযোগ্য করতে বর্তমানে ৯ দলের এই আসরকে ১২ দলে উন্নীত করার জোরালো প্রস্তাবনা তৈরি করা হয়েছে।
এ পরিকল্পনা বাস্তবায়িত হলে টেস্ট খেলুড়ে বাকি তিন পূর্ণ সদস্য—জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং আফগানিস্তানও প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপের মূল লড়াইয়ে নামার সুযোগ পাবে।
সাবেক নিউজিল্যান্ড ব্যাটার রজার টোসের নেতৃত্বে আইসিসির একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ এ নতুন মডেলটি সাজিয়েছে। আগামী মে মাসের শুরুতে অনুষ্ঠেয় আইসিসি বোর্ড সভায় এই সুপারিশটি পেশ করার কথা রয়েছে।
মূলত ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততা এবং ঠাসা আন্তর্জাতিক সূচির মাঝে টেস্ট ক্রিকেটকে আর্থিকভাবে লাভজনক করতেই এই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবনার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো ‘ওয়ান-অফ টেস্ট’ বা এক ম্যাচের সিরিজকে পয়েন্ট টেবিলের অন্তর্ভুক্ত করা। বর্তমানে নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়নশিপের অংশ হতে হলে একটি সিরিজে অন্তত দুটি ম্যাচ খেলা বাধ্যতামূলক।
তবে বড় দলগুলোর জন্য ছোট দলগুলোর বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন অনেক সময় লোকসান বা সময়ের অপচয় হিসেবে গণ্য হয়। নতুন নিয়ম চালু হলে একটি মাত্র টেস্ট খেললেও সেটির পয়েন্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে যোগ হবে, যা ছোট দলগুলোর সাথে বড় দলগুলোর সিরিজ আয়োজনের পথ সহজ করবে।
এই পরিবর্তনের ফলে ক্রিকেট সূচিতে নতুন গতি আসবে। যেমন, কোনো দল দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার পথে জিম্বাবুয়ের সাথে একটি মাত্র টেস্ট খেলে নিতে পারবে। আবার ইংল্যান্ডের মতো দেশগুলো তাদের ব্যস্ত হোম সামারে বড় কোনো সিরিজের ফাঁকে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট আয়োজনের সুযোগ পাবে, যেখানে পূর্ণ পয়েন্টের লড়াই থাকবে।
এতে করে দলগুলোর মধ্যে ম্যাচ খেলার আগ্রহ ও দর্শক জনপ্রিয়তা বাড়বে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন