চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাগরিকা) তিন ম্যাচ সিরিজের শেষ ও সিরিজ নির্ধারণী ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। সাগরিকার ব্যাটিংবান্ধব উইকেটে উল্টো টাইগারদের চেপে ধরেছে নিউজিল্যান্ড।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা ১১টায় খেলাটি শুরু হয়। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে আসেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তবে খেলার প্রথম ওভারের দ্বিতীয় বলেই শূন্য রানে উইকেট হারায় মিরাজের দল। দলীয় শূন্য রানেই উইলিয়াম ও'রোর্কের বলে ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান।
সাইফের বিদায়ের পর দলীয় ৯ রানে তানজিদ তামিমের উইকেটটিও হারায় টাইগাররা। দ্রুত দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ সামলে ওঠার আগেই দলীয় ৩২ রানের মাথায় আরও একটি উইকেট হারায় তারা। টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভার শেষে ৩ উইকেটে ৪৪ রান। ক্রিজে নাজমুল হোসেন শান্ত ২৭ বলে ১৫ রানে এবং লিটন কুমার দাস ১২ বলে ৭ রানে ব্যাট করছেন।
নিউজিল্যান্ডের পক্ষে একাই ৩টি উইকেট শিকার করে বাংলাদেশকে বিপর্যয়ে ফেলেছেন পেসার উইলিয়াম ও'রোর্ক।
বাংলাদেশ (একাদশ) : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
নিউজিল্যান্ড (একাদশ) : হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও'রোর্ক, বেন লিস্টার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন