ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লিটন-শান্তর ব্যাটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০২:০২ পিএম
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাগরিকা) তিন ম্যাচ সিরিজের শেষ ও সিরিজ নির্ধারণী ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। শুরুতে চরম বিপর্যয়ে পড়লেও লিটন-শান্তর জোড়া ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা ১১টায় খেলাটি শুরু হয়। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে আসেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তবে খেলার প্রথম ওভারের দ্বিতীয় বলেই শূন্য রানে উইকেট হারায় মিরাজের দল। দলীয় শূন্য রানেই উইলিয়াম ও’রোর্কের বলে ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান।

সাইফের বিদায়ের পর দলীয় ৯ রানে তানজিদ তামিমের উইকেটটিও হারায় টাইগাররা। দ্রুত দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ সামলে ওঠার আগেই দলীয় ৩২ রানের মাথায় আরও একটি উইকেট হারায় তারা। শুরুতে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা।

এমন পরিস্থিতিতে দলকে টেনে তোলার দায়িত্ব কাঁধে তুলে নেন ওডিআই ফরম্যাটের সাবেক দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। তাদের দুজনের জোড়া ফিফটিতে বড় সংগ্রহের পথে হাঁটছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৯ রান। ক্রিজে ১০৩ বলে ৯১ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত এবং ৮৭ বলে ৬৫ রানে ব্যাট করছেন লিটন কুমার দাস।

নিউজিল্যান্ডের পক্ষে একাই ৩টি উইকেট শিকার করে বাংলাদেশের টপ অর্ডারে ধস নামিয়েছেন পেসার উইলিয়াম ও’রোর্ক।