চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (সাগরিকা) তিন ম্যাচ সিরিজের শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও লিটন দাসের ফিফটিতে নিউজিল্যান্ডকে ২৬৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা ১১টায় খেলাটি শুরু হয়। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই শূন্য রানে ওপেনার সাইফ হাসানকে হারায় স্বাগতিকরা। উইলিয়াম ও’রোর্কের বলে ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
দলীয় ৯ রানে বিদায় নেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। দ্রুত দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ সামলে ওঠার আগেই দলীয় ৩২ রানে আরও একটি উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টাইগাররা।
এমন বিপর্যয়কর পরিস্থিতিতে দলের হাল ধরেন ওডিআই ফরম্যাটের সাবেক দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
দলীয় ১৯২ রানের মাথায় ব্যক্তিগত ৭৬ রান করে লিটন আউট হলে ভাঙে এই জুটি। ৩৯তম ওভারের শুরুতে লিটন যখন ফিরছিলেন, তখন মনে হচ্ছিল দলীয় সংগ্রহ ৩০০ ছাড়িয়ে যাবে।
এরপর ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করে দলীয় ২২১ রানের মাথায় বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। তবে শান্তর আউটের পর শেষ ৭ ওভারে রানের গতি আশানুরূপ বাড়াতে পারেনি বাংলাদেশ।
শেষ দিকে তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।
ব্যাট হাতে বাংলাদেশের হয়ে নাজমুল হোসেন শান্ত ১০৫ রান (১১৯ বল), লিটন কুমার দাস ৭৬ রান (৯১ বল), তাওহীদ হৃদয় ৩৩ রান (২৯ বল), মেহেদী হাসান মিরাজ ২২ রান (১৮ বল)।
বল হাতে নিউজিল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন উইলিয়াম ও'রোর্ক এবং ২টি করে উইকেট নেন জেডেন লেনক্স ও বেন লিস্টার।

