টেস্ট ক্রিকেটে গত কয়েক বছর ধরে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে ইংল্যান্ড। কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং অধিনায়ক বেন স্টোকসের অধীনে তাদের সেই অতি-আক্রমণাত্মক খেলার ধরন এখন বিশ্বজুড়ে পরিচিত ‘বাজবল’ নামে। এবার কি সেই একই পথে হাঁটতে চলেছে বাংলাদেশ? পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দল নির্বাচন এবং প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের মন্তব্য অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রথমবারের মতো ডাক পেয়েছেন মারকুটে ওপেনার তানজিদ হাসান তামিম। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিজের আগ্রাসী ব্যাটিংয়ের প্রমাণ দিলেও বড় দৈর্ঘ্যের ক্রিকেটে তার অন্তর্ভুক্তি নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
তামিমকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাশার জানান, আধুনিক ক্রিকেটের সাথে তাল মিলিয়ে খেলার ধরন পরিবর্তনের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে বিসিবির।
তিনি জানান, আমরা যখন কোনো খেলোয়াড় নির্বাচন করি, তখন তার খেলার ধরনটাকেই গুরুত্ব দিই। যাকে দলে নেওয়া হচ্ছে, তার কাছ থেকে সেই ধরনের ক্রিকেটই দেখতে চাই। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হলে সেই ধরনের খেলোয়াড়ই প্রয়োজন। এটা আমাদের পরিকল্পনারই অংশ যে আমরা ভবিষ্যতে এমন ক্রিকেট খেলতে পারি।
বাংলাদেশ কি তবে পুরোপুরি ইংল্যান্ডের স্টাইলে খেলবে? হাবিবুল বাশার সরাসরি ‘বাজবল’ শব্দটি ব্যবহার করতে নারাজ হলেও দলের খেলার ধরনে পরিবর্তনের আভাস দিয়েছেন।
বাশার আরও জানান, ভবিষ্যতে যদি পরিকল্পনা বদলানোর প্রয়োজন হয়, সেই জন্য আমাদের হাতে অপশন রাখা দরকার। আমাদের ওপেনারদের নিজস্ব স্টাইল আছে। আমি চাই না তারা তাদের স্বাভাবিক খেলার ধরন থেকে বেরিয়ে আসুক, কারণ এতে সাফল্যের সম্ভাবনা কমে যায়। ম্যানেজমেন্ট তাদের বর্তমান ফর্মের ওপরই আস্থা রাখছে।
বোলিং বিভাগ নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধান নির্বাচক জানান, প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার সক্ষমতা এখন টাইগার বোলারদের আছে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করতে হলে মূল অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে ব্যাটিংয়ের ধারাবাহিকতা। ব্যাটিংয়ে ধারাবাহিক হতে পারলে এবং পরিস্থিতির প্রয়োজনে খেলার স্টাইলে কিছুটা পরিবর্তন আনলে বাংলাদেশ আরও ভালো করবে বলে বিশ্বাস তার।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন