আইপিএল ২০২৬ আসরে নিজেদের হারিয়ে খুঁজছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। আসরের আটটি ম্যাচ পার হয়ে গেলেও জয়ের দেখা মিলেছে মাত্র দুটিতে। পয়েন্ট টেবিলের নয় নম্বরে থাকা দলটি এখন খাদের কিনারায় দাঁড়িয়ে।
এমনকি সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ২৪৩ রানের বিশাল পুঁজি গড়েও ৬ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছে মুম্বাইকে। দলের এমন ছন্নছাড়া অবস্থায় কাঠগড়ায় দাঁড়িয়েছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং দলের প্রধান পেসার জসপ্রীত বুমরাহ।
দলের ব্যাটিং কোচ কিয়েরন পোলার্ড জানান, মুম্বাই ইন্ডিয়ান্স দলগতভাবে কোনো ম্যাচেই জ্বলে উঠতে পারছে না। হায়দ্রাবাদের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে তিনি কিছুটা হতাশা নিয়েই জানান, দল হিসেবে তারা ‘কমপ্লিট গেম’ খেলতে পারছেন না এবং ধারাবাহিকতার অভাব ফলাফলে ফুটে উঠছে।
পোলার্ড আরও বলেন, আমরা হারের বিষয়টি মেনে নিচ্ছি, কারণ আমরা অধিকাংশ ম্যাচেই হারের দিকে ছিলাম। তবে আমরা টুর্নামেন্ট থেকে এখনই ছিটকে যাইনি, লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা এখনো আছে।
এবারের আসরে মুম্বাইয়ের সবচেয়ে বড় ধাক্কা জসপ্রীত বুমরাহর উইকেট খরা। ৮ ম্যাচে তার ঝুলিতে জমা পড়েছে মাত্র দুটি উইকেট। হায়দ্রাবাদের বিপক্ষে ৪ ওভারে ৫৪ রান খরচ করা বুমরাহকে নিয়ে পোলার্ড কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে কথা বলেন।
তিনি বুমরাহকে নিয়ে সমালোচনা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, সাধারণ পেশার মানুষ ভুল করলে সেটা শোধরানোর সুযোগ পায়, কিন্তু ক্রিকেটারদের ভুল জনসম্মুখে বড় করে দেখা হয়। আমি জানি সে আবারও চেনা রূপে ফিরবে এবং পুরো ভারত আবারও তার নাম ধরে চিৎকার করবে।
অন্যদিকে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স নিয়ে চলছে কড়া সমালোচনা। ৭ ইনিংসে মাত্র ১২৮ রান এবং ১২.২৬ ইকোনমি রেটে ৪ উইকেট—পান্ডিয়ার এমন পরিসংখ্যান দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন